খুলনা অফিস
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪১ পিএম
খুলনায় পুলিশের লুণ্ঠিত গোলাবারুদ উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।
কেএমপি সদর দপ্তরের গণমাধ্যম সেল জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ১১টা ৪০ মিনিটে সোনাডাঙ্গা মডেল থানাধীন শের-ই- বাংলা রোডের গল্লামারীসংলগ্ন লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের পাশে অভিযান চালায় ডিবির একটি টিম। অভিযানে খুলনা সদর থানার নিরালা দীঘিরপাড়ের হাসানুর রহমান রাহুল (২২) ও লবণচরা থানার বাগমারা স্কুল গলি রোডের শাহরিয়ার রহমান সম্রাট (২৫)-কে গ্রেপ্তার করা হয়।
অভিযান চলাকালে তাদের হেফাজত থেকে ৭.৬২ চায়নিজ রাইফেলের ৪১ রাউন্ড গুলি ও চারটি চার্জার উদ্ধার করা হয়। এ ঘটনায় সোনাডাঙ্গা মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের সময় খুলনা বেতার কেন্দ্র থেকে তারা পুলিশের গোলাবারুদ লুণ্ঠন করে নিজেদের হেফাজতে রাখে। পরে সেগুলো বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে সংরক্ষণ করে রেখেছিল।
কেএমপি জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ চলছে। তাদের হেফাজতে আরও গোলাবারুদ আছে কি না এবং পুলিশের অস্ত্র-গোলাবারুদ লুণ্ঠনের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।