সিলেট অফিস
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪৪ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫৫ পিএম
নগরের ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক সারওয়ার আলম। তিনি বলেন, সিটি করপোরেশন থেকে হকারদের পুণবার্সনের একটি উদ্যোগ নেওয়া হয়েছে। একটি জায়গাও নির্ধারণ করা আছে। এটি আবার কার্যকর করার উদ্যোগ গ্রহণ করবো।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিলেটের নবাগত জেলা প্রশাসক বলেন, কিনব্রিজে আর হকার বসতে দেওয়া হবে না। এখন মোটরসাইকেল চলাচল করে। ব্রিজে আর মোটরসাইকেলও উঠতে দেওয়া হবে না। এটি শুধু হাঁটাহাটির জন্য উন্মুক্ত রাখা হবে। মোটর সাইকেল যাতে ব্রিজে উঠতে না পারে, এ জন্য ব্রিজের দুই প্রবেশ মুখ বন্ধ করে দেওয়া হবে। আগামী শনিবার থেকেই এই কাজ শুরু হবে।
কিনব্রিজ দিয়ে গাড়ি চলাচল আগে থেকেই বন্ধ রয়েছে। তবে এখন থেকে মোটর সাইকেল চলাচলও বন্ধ করে কেবল হাঁটাচলার জন্য এই সেতুটি উন্মুক্ত রাখা হবে বলে জানান জেলা প্রশাসক সারওয়ার আলম।
এই উদ্যোগ সফল হলে ১ হাজার ১৫০ ফুট দৈর্ঘ্যরে এই সেতু হবে দেশের দীর্ঘতম পথচারি সেতু। যদিও এর আগে সিটি করপোরেশন এবং সড়ক ও জনপথের পক্ষ থেকে দুবার এ উদ্যোগ নিয়েও স্থানীয়দের আপত্তির মুখে সফল হওয়া যায়নি।
সারওয়ার আলম বলেন, চাঁদনীঘাটে সুরমা নদীর তীরে ট্রাক পাকিং করে রাখা হয়। ফলে এইখানে যারা ঘুরতে আসেন তারা দুর্ভোগে পড়েন। এখন থেকে এখানে আর ট্রাক পার্কিং করতে দেওয়া হবে না। আগামী শনিবার থেকেই এই এলাকাকে পরিচ্ছন্ন করার কাজ শুরু হবে বলে জানান তিনি।
প্রসঙ্গত, ‘হকারদের দখলে নগরীর ব্যস্ততম সড়ক-ফুটপাত’ শিরোনামে প্রতিদিনের বাংলাদেশে একটি সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি নজরে আসে জেলা প্রশাসনের। তৎপর হয়ে উঠেন নবাগত জেলা প্রশাসক সাওরয়ার আলম। সংবাদ প্রকাশের পর দিনই সাংবাদিকদেরকে তার উদ্যোগের কথা জানান।