সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৯:২৯ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫৫ পিএম
মানিকগঞ্জের সিঙ্গাইরে অগ্রণী এজেন্ট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান অগ্রণী ব্যাংকের অনুমোদিত এজেন্ট পরিচয় দিয়ে প্রায় দুই শতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে গেছে মালিকপক্ষ ও কর্মকর্তারা।
উপজেলার ধল্লা ইউনিয়নের জায়গীর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত অগ্রণী এজেন্ট লিমিটেডের কার্যালয়ে সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে এঘটনায় ক্ষুব্ধ গ্রাহকরা প্রতিষ্ঠানের মাঠকর্মী মাহমুদুল হাসান ও জান্নাতুল নামে দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
স্থানীয় ক্ষতিগ্রস্তরা জানান, কয়েক মাস আগে প্রতারক চক্রটি জায়গীর বাজারের পূর্ব পাশে প্রতিষ্ঠানটি চালু করে। নিজেদের অগ্রণী ব্যাংকের অনুমোদিত এজেন্ট দাবি করে তারা গ্রাহকদের সঞ্চয় রাখার ও ঋণ প্রদানের আশ্বাস দেন। নিরাপদ ভেবে অনেকেই বছরের পর বছর কষ্ট করে জমানো টাকা সেখানে জমা রাখেন। হঠাৎ মালিকপক্ষ উধাও হয়ে গেলে সর্বস্ব হারানো গ্রাহকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়।
এ বিষয়ে অগ্রণী ব্যাংকের বাস্তা শাখা ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম জানান, অগ্রণী এজেন্ট লিমিটেডের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এটি অগ্রণী ব্যাংকের অনুমোদিত কোনো প্রতিষ্ঠান নয়।
অগ্রণী এজেন্ট লিমিটেড-এর শাখা ব্যবস্থাপক মো. ওমর আলীর মোবাইলে ফোন করলে তিনি সাংবাদিক পরিচয় পেয়েই সংযোগ কেটে মোবাইল বন্ধ করে দেন।
সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম বলেন, অবরুদ্ধ দুই কর্মচারীকে আটক করে থানায় আনা হয়েছে। প্রতারণার অভিযোগে ৫ জনকে আসামি করে মামলা করে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।