মানিকগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৮:২০ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৮:২৫ পিএম
মানিকগঞ্জ শহরকে বিভক্তকারী অপরিকল্পিত রোড ডিভাইডার অপসারণ করে শহরের প্রবেশমুখে গোলচত্ত্বর ও ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন করেছে মানিকগঞ্জবাসী। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় সেওতা, জয়রা, মানরা, নারাংগাই, উচুটিয়া, বাইচাইল, উকিয়ারা, গড়পাড়া, জাগীর, বান্দুটিয়া, ঘন্টিপারাসহ আশেপাশের এলাকার হাজারো নারীপুরুষ এই মানববন্ধনে সমবেত হন।
মানবন্ধনে বক্তারা জানান, মানিকগঞ্জ শহরের প্রবেশমুখে অপরিকল্পিত রোড ডিভাইডারের কারণে প্রতিদিনই শহরের মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দুর্ঘটনা ও যানজট বেড়ে গেছে, সাধারণ মানুষ সময়মতো কর্মস্থল, বিদ্যালয় ও জরুরি গন্তব্যে পৌঁছাতে পারছেন না। জেলার জনসংখ্যা ও যানবাহনের চাপ দিন দিন বাড়ছে। অথচ সড়ক অবকাঠামোতে সঠিক পরিকল্পনার অভাব মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছে। দ্রুত সময়ে ব্যবস্থা না নিলে সমস্যা আরও প্রকট আকার ধারণ করবে।
মানববন্ধনে জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম আবেদীন কায়সার, রফিক উদ্দিন ভূঁইয়া হাবু, সাবেক যুবদল নেতা সামসুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিন্নাহ খান জিন্নাহ, জেলা শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আরিফুল হক আরিফ, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান, জেলা স্বেচ্ছাসেবক দলের কাজী রুবায়েত হোসেন সাবির, শ্রমিক দলের আব্দুল মালেক, পৌর স্বেচ্ছাসেবক দলের আবুল বাসার লিমন, শ্রমিক দলে জিয়াউর রহমান জিয়া, শাহিন খান, জিয়া উদ্দিন আহমেদ রকি, ইঞ্জিনিয়ার ফারুক হোসেন, ব্যবসায়ী শাহাদত হোসেন, আব্দুল মোতালেব, মনিরুজ্জামান খান মনিরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।