× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির ‘গিনি অ্যাঞ্জেল ফিশ’

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৭:২৩ পিএম

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৩৪ পিএম

জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির ‘গিনি অ্যাঞ্জেল ফিশ’

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে ‘গিনি অ্যাঞ্জেল ফিশ’ বা আফ্রিকান অ্যাঞ্জেল ফিশ নামের একটি বিরল প্রজাতির মাছ। 

সোমবার (৮ সেপ্টেম্বর) কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলে আ. জলিল মাঝির জালে এ মাছটি ধরা পড়ে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে মাছটি আলীপুর মৎস্য বন্দরে নিয়ে এলে একনজর দেখতে ভিড় জমে মানুষের। এটি অনেকের কাছে অ্যাকুরিয়াম ফিশ নামেও পরিচিত।

রঙিন ও দৃষ্টিনন্দন এ সামুদ্রিক মাছটি মূলত উষ্ণমণ্ডলীয় প্রবাল প্রাচীরের পরিবেশের মাছ, এমন তথ্য মৎস্য বিশেষজ্ঞদের। মাছটির বৈজ্ঞানিক নাম Holacanthus africanus। মাছটি সাধারণত ‘আফ্রিকান অ্যাঞ্জেল ফিশ’ নামে পরিচিত। আকার ১৪ ইঞ্চির মতো। গায়ের গাঢ় সোনালি পটভূমিতে হলুদ অনুভূমিক দাগ, মুখে হালকা হলুদ-সোনালি ‘মাস্ক’ প্যাটার্ন।

জেলে আ. জলিল জানান, সোমবার এফবি মায়ের দোয়া নামের একটি ফিশিং ট্রলারে অন্যান্য মাছের সঙ্গে এ মাছটি ধরা পড়ে। 

স্থানীয় মৎস্য ব্যবসায়ী জামাল বলেন, ‘এমন মাছ আমার জীবনেও দেখিনি। মাছটি দেখতে অবিকল অ্যাকুরিয়ামে থাকা মাছের মতো। বাসার সবাইকে দেখানোর জন্য মাছটির কয়েকটি ছবি তুলে নিয়েছি।’

স্থানীয় ব্যবসায়ী মো. সেলিম বলেন, প্রথম দেখে মাছটিকে আমি বাসায় নিয়ে এসেছি। তবে এ জাতীয় মাছ এই প্রথম দেখলাম। মাছটি খাওয়া যায় কি না- আমার জানা নেই। 

উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন রাজু বলেন, মাছটি সাধারণত প্রবাল প্রধান, লবণাক্ত, উষ্ণ ও সমুদ্র অঞ্চলে থাকে। বঙ্গোপসাগরের উপকূলে এমন মাছ সচরাচর ধরা পড়ে না। কারণ আমাদের উপকূলীয় অংশ মূলত কাঁদা-মাটি, বালুময়, প্রবাল প্রাচীর তেমন নেই। তবে বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিমাংশে আন্দামান সাগর সংলগ্ন, মিয়ানমার উপকূলের কাছাকাছি কিছু প্রবাল প্রধান এলাকা আছে।

তিনি আরও বলেন, সম্প্রতি বছরগুলোতে জলবায়ু পরিবর্তন ও স্রোতের ধরন বদলের কারণে কিছু সামুদ্রিক প্রজাতি তাদের আবাসক্ষেত্র প্রসারিত করছে। এর কারণে হয়তো এই প্রজাতিটি বাংলাদেশের জেলেদের জালে ধরা পড়ছে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, মাছটির বাংলা নাম ‘গিনি অ্যাঞ্জেল ফিশ’। এটি একটি বিরল প্রজাতির মাছ। মাছটি উপকূলে সচরাচর দেখা যায় না। মাছটি গভীর সমুদ্রের। বিভিন্ন প্রজাতির মাছের সঙ্গে এটি জেলের জালে উঠে এসেছে। এটা জেলেদের জন্য একটি সুখবর। এসব মাছ যত বেশি ধরা পড়বে, জেলেরা অর্থনৈতিকভাবে তত বেশি লাভবান হবেন।

মাছটির নির্দিষ্ট ক্রয়মূল্য জানা না গেলেও এটি অন্যান্য মাছের সঙ্গে সৈকতের ফ্রাই ব্যবসায়ী সেলিম জেলের কাছ থেকে ক্রয় করেন বলে জানা গেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা