চাটমোহর (পাবনা) প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৪:১৮ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৪০ পিএম
পাবনার চাটমোহরে সাপে কেটে সিজ্জাতুল প্রামানিক (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মথুরাপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সিজ্জাতুল প্রামানিক মথুরাপুর উত্তরপাড়া গ্রামের মহাশিন প্রামানিকের ছেলে। নানার বাড়ি একই গ্রামে নিজ বাড়ির অদূরে হওয়ায় ঘটনার সময় সেখানে খেলতে গিয়েছিল সিজ্জাতুল।
স্থানীয়রা বলেন, বিকালে বাড়ির পাশে নানার বাড়ি লুকোচুরি খেলছিল। খেলার একপর্যায়ে পাটখড়ির মধ্যে লুকাতে গেলে বিষধর সাপ তাকে দংশন করে। প্রথমে শিশুটি বিষয়টি বুঝতে না পারলেও প্রায় ১ ঘণ্টা পর অসুস্থতা অনুভব করলে নানাকে জানায়। শিশুর পায়ের দাগ দেখে পরিবারের সদস্যরা বুঝতে পারেন যে, এটি সাপে কাটা।
প্রথমে শিশুটিকে স্থানীয় ওঝার কাছে নেওয়া হয়। তবে ওঝার ঝাড়ফুঁকেও অবস্থার অবনতি হতে থাকলে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে শিশুটি মারা যায়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরে শিশুটির আত্মীয়স্বজন ঘটনাস্থল পরিদর্শন করে পাটখড়ির আড়ালে একটি গর্তে সাপটিকে খুঁজে পায়। এরপর উৎসুক জনতা সাপটি পিটিয়ে মেরে ফেলে।