কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৩:২০ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৪:০৮ পিএম
নীলফামারীর কিশোরগঞ্জে গভীর রাতে অভিযান চালিয়ে দুই বাল্যবিবাহ বন্ধ করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) প্রীতম সাহা। এতে বর-কনে পক্ষকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (৮ সেপ্টেম্বর ) গভীর রাতে পুঁটিমারী ও নিতাই ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে বাল্যবিবাহ বন্ধ করা হয়।
জানা যায়, গতকাল রাত ১০টার দিকে নিতাই ইউনিয়নের ডাঙ্গার হাট এলাকার দুটি অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়ের বিয়ের আয়োজন করা হয়। এতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেন ইউএনও প্রীতম সাহা। পরে বাল্যবিবাহ নিরোধ আইনে দুপক্ষকে ৩৩ হাজার টাকা জরিমানা করে বন্ধ করেন এই বিয়ে।
অপরদিকে রাত ১টা ৩০ মিনিটে পুঁটিমারী ইউনিয়নে কাচারিপাড়া এলাকায় অপ্রাপ্তবয়স্ক কিশোর- কিশোরীর বিয়ের আয়োজন করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে সেটি বন্ধ করেন ইউএনও প্রীতম সাহা।
এ বিষয়ে ইউএনও বলেন, বাল্যবিবাহ বন্ধে মোবাইল কোর্ট পরিচালনাকালে উভয় জায়গায় স্থানীয় দুই-তিনশ লোক উপস্থিত থেকে এই ঘটনা প্রত্যক্ষ করায় পুরো এলাকায় আলোড়ন সৃষ্টি হয়। যা আগামী দিনে এই উপজেলায় বাল্যবিবাহ বন্ধে ভূমিকা রাখবে বলে আশা করি। আমরা বাল্যবিবাহ বন্ধে সবসময়ই গুরুত্ব দিচ্ছি। এ সময়ে তাদের অভিভাবক মুচলেকা দিয়েছেন- প্রাপ্তবয়স্ক না হলে তাদের বিয়ে দেবেন না।