মুন্সীগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩৮ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪৬ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৪ আগস্ট মুন্সীগঞ্জ শহরে দিনমজুর রিয়াজুল ফরাজি (৩৫) হত্যা মামলায় মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ফয়সাল বিপ্লবের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে মুন্সীগঞ্জ আমলি আদালত সদর কোর্টে তাকে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে মামলার তদন্তকারী কর্মকর্তা মুন্সীগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক শিপন আহমেদ। শুনানি শেষে আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাস ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মুন্সীগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক কামরুল হাসান এ কথা বলেন।
পুলিশ ও একাধিক সুত্রে জানা যায়, চলতি বছরের গত ২২ জুন রাত ১০টার দিকে ঢাকার মনিপুরীপাড়ার একটি আবাসিক ভবন থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ফয়সাল বিপ্লবকে গ্রেপ্তার করে। পরবর্তী সময়ে গত ১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আরেক শ্রমিক সজল হত্যা মামলায় তাকে আদালতে হাজির করে পুলিশ। ওই মামলায় দুই দফায় ১২ দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এবার রিয়াজুল ফরাজি নামে অপর একটি হত্যা মামলায় তাকে আদালতে রিমান্ড প্রদান করেন আদালত।
প্রসঙ্গত, গত বছর ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালীন ৪ আগস্ট মুন্সীগঞ্জ শহরের কৃষি ব্যাংক-সুপারমার্কেট এলাকায় ছাত্র-জনতার সঙ্গে আওয়ামী লীগ-ছাত্রলীগের কর্মী-সমর্থকদের সংঘর্ষ হয়। একপর্যায়ে গুলিবিদ্ধ হয়ে ছাত্র-জনতার পক্ষে আন্দোলনে অংশ নেওয়া দিনমজুর রিয়াজুলসহ তিনজনের মৃত্যু হয়। আহত হয় দেড় শতাধিক। ওই ঘটনায় দায়ের করা প্রতিটি মামলায় আসামি করা হয় তৎকালীন এমপি ও জেলা আওয়ামী লীগের সদস্য ফয়সাল বিপ্লবকে। তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন আহমেদের ছেলে।