× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৪০ হাজার অটোরিকশায় অচল বগুড়া শহর

অরুপ রতন, বগুড়া

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১১:২৮ এএম

বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় অবৈধ ব্যাটারিচালিত রিকশার পার্কিং ও স্ট্যান্ডে সব সময় জ্যাম লেগেই থাকে। সোমবার বিকালে তোলা। প্রবা ফটো

বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় অবৈধ ব্যাটারিচালিত রিকশার পার্কিং ও স্ট্যান্ডে সব সময় জ্যাম লেগেই থাকে। সোমবার বিকালে তোলা। প্রবা ফটো

তীব্র যানজটে বগুড়া শহরে ৫ মিনিটের সড়কে যেতে এক ঘণ্টা সময় লাগে। যানজটে যে দুর্ভোগ তা এখন নগরবাসীর প্রতিদিনের সঙ্গী। মাত্র ৫ থেকে ৬ হাজার রিকশা চলাচলের উপযোগী শহরে প্রায় ৪০ হাজার ব্যাটারিচালিত অটোরিকশা চলছে। তার সঙ্গে ফুটপাত বেদখল করে হকারদের রাজত্ব কায়েম হয়েছে। এতে পথচারীদের চলাচল কঠিন হয়ে পড়েছে।

সরেজমিন দেখা যায়, সাতমাথা, নিউমার্কেট, কাঁঠালতলা, থানা রোড, ফতেহ আলী বাজার ও বড়গোলাসহ গুরুত্বপূর্ণ এলাকায় সারাদিনই যানজট লেগে থাকে। সাতমাথা মোড়ে অটোরিকশার ভিড়, কাঁঠালতলায় সড়ক বেদখল করে হকাররা তাদের ফল ও সবজির ব্যবসা চালিয়ে যাচ্ছে। প্রভাবশালীরা নিউমার্কেট এলাকায় ফুটপাত ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে টাকা তুলছেন। ব্যবসায়ীরা ফুটপাত ভাড়া নিয়ে দিব্যি ব্যবসা চালিয়ে যাচ্ছেন। ফলে একদিকে অটোরিকশার দাপটে সড়ক স্থবির, অন্যদিকে ফুটপাত হকাররা দখল করে নেওয়ায় হেঁটে চলার সুযোগও নষ্ট হয়েছে। এ অবস্থা শহরবাসী মেনে নিতে পারছেন না। তারা দায়িত্বশীলদের নির্বিকারকে দায়ী করছেন।

এ ছাড়াও শহরের বড়গোলা এলাকায় ড্রেন নির্মাণকাজ চলমান থাকায় যানজট আরও বাড়িয়ে তুলেছে। কোরবানির ঈদের পর শুরু হওয়া কাজ এখনও শেষ হয়নি।

নগরবাসীর অভিযোগ, শুধু অটোরিকশা নয়, ফুটপাত দখলও যানজট সমস্যার বড় কারণ। এই সমস্যা থেকে বের হয়ে আসার জন্য কার্যকর উদ্যোগ না নিলে বগুড়া শহরে স্বাভাবিক চলাচল আরও দুরূহ হয়ে উঠবে।

হাকিড় মোড়ের বাসিন্দা ফজলুর রহমান বলেন, তিন কিলোমিটার পথ পাড়ি দিতে কখনও ৪৫ মিনিট লেগে যায়। বিশেষ করে স্কুল ছুটির সময় শহর প্রায় অচল হয়ে পড়ে।

শিববাটি এলাকার বাসিন্দা আব্দুল মালেক বলেন, সড়ক প্রশস্ত করা হলেও ফুটপাত বেদখল এবং পার্কিংয়ের কারণে হেঁটে চলার অবস্থাকে আরও নাজুক করে তুলেছে। 

শহরের ফুটপাত বেদখল করে ছোট দোকান বসানো নিয়ে স্থানীয়দের অভিযোগ, দোকানদারদের প্রতিদিন প্রায় ২০০ টাকা ভাড়া দিতে হয়। কাদের পকেটে যায়, এসব টাকা? এ ব্যাপারে খোঁজ নিয়ে জানা যায় প্রতিদিন ফুটপাতের হকারদের কাছে থেকে ভাড়ার প্রায় বিপুল অঙ্কের টাকা প্রভাবশালীদের পকেটস্থ হয়। 

যানজটে শহরবাসী নানা সমস্যায় পড়ছেন। জরুরি ক্লিনিকে যাওয়া রোগীর স্বজন আব্দুল কাদের জানান, যানজটে আটকে থেকে তিনি সময়মতো ডাক্তারের কাছে পৌঁছতে পারেননি। 

অফিসগামী কর্মজীবী সালমা আখতার বলেন, অফিসে পৌঁছতে প্রতিদিন দেরি হয়। পাঁচ মিনিটের সড়ক এক ঘণ্টা যেতে লাগে।

এদিকে বগুড়া পৌরসভা সূত্রে জানা গেছে, শহরে চলাচলরত ৪০ হাজার অটোরিকশার কোনো বৈধতা নেই। পৌরসভা কেবল প্যাডেল রিকশার লাইসেন্স দিয়েছে। বর্তমানে কাগজে-কলমে ৬ হাজার ৩৬৩টি প্যাডেল রিকশার লাইসেন্স আছে। তবে ২০১৯ সালের পর থেকে কেউ তা নবায়ন করেননি।

বগুড়া জেলা পুলিশের ট্রাফিক বিভাগ জানায়, শহরের যানজট নিয়ন্ত্রণে জনবল আছে ৮৪ জন। তবে মাঠে ৭০ জন কাজ করেন। তারা দুই শিফটে দায়িত্ব পালন করেন। সীমিত জনবল দিয়ে যানজট নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আতোয়ার রহমান বলেন, অল্প জনবল দিয়েও সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে ট্রাফিক বিভাগ। আমরা নিয়মিত উচ্ছেদ অভিযানও পরিচালনা করছি। কিন্তু সবার সম্মিলিত প্রচেষ্টা ছাড়া যানজট নিয়ন্ত্রণ করা কঠিন। 

বগুড়া পৌর প্রশাসক (উপসচিব) মাসুম আলী বেগ বলেন, অবৈধ রিকশা নিয়ন্ত্রণে এখনও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তবে প্রস্তুতি চলছে। হকার উচ্ছেদ অভিযান চালানো হলেও দ্রুতই পূর্বাবস্থা ফিরে আসে। স্থায়ী পদক্ষেপের কথা ভাবা হচ্ছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা