ফেনী প্রতিবেদক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫ ২০:২৬ পিএম
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫ ২০:৩৯ পিএম
গ্যাসচালিত গাড়িতে পাওয়া ১০ ভরি স্বর্ণালংকার প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়ে সততার পরিচয় দিলেন ফেনীর ফুলগাজীর মাঈন উদ্দিন নামের গাড়ির চালক। মালিককে ৩ দিন ধরে খুঁজে বের করে শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে স্থানীয় বিশিষ্টজনদের উপস্থিতিতে তা ফেরত দেন।
সূত্রে জানা যায়, ৩ সেপ্টেম্বর সকালে ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের ধলিয়া চকবস্তা গ্রাম থেকে গাড়িতে মুন্সীরহাট বাজারে গিয়ে নামেন এক নারী। কিন্তু গাড়ি থেকে নামার সময় ভুলে তার সঙ্গে থাকা ব্যাগটি রেখে চলে যান। পরে গাড়িচালক মাঈন উদ্দিন ব্যাগটি বাড়িতে নিয়ে তার মামাকে বিষয়টি জানান। তার মামা যেকোনো মূল্যে ব্যাগটি সব মালামালসহ ওই নারীকে ফেরত দেওয়ার নির্দেশ দেন। কিন্তু মাঈন উদ্দিন তো নারীর নাম-পরিচয় কিছুই জানেন না। পরে তিনি খোঁজাখুঁজির একপর্যায়ে ৩ দিন পর ওই নারীর পরিচয় শনাক্ত করেন এবং শনিবার রাতে ওই নারীর হাতে স্বর্ণালংকারসহ কাপড় ভর্তি ব্যাগটি বুঝিয়ে দেন।
ব্যাগটি ফেরত পেয়ে ওই নারী বলেন, সেদিন স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার পথে বাজারে গাড়ি থেকে নামার সময় ভুলে ব্যাগটি রেখে চলে যাই। পরে অনেক খোঁজাখুঁজি করেও গাড়ির চালককে খুঁজে পাইনি। চালক মাঈন উদ্দিন সৎ ও নির্লোভ বলেই তিনি আমাকে খুঁজে সবকিছু ফেরত দিয়েছেন।
ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের দক্ষিণ আনন্দপুর গ্রামের দুলামিঞা কাজী বাড়ির বাসিন্দা গ্যাসচালিত গাড়ির চালক মাঈন উদ্দিন বলেন, আমরা গরিব মানুষ। গাড়ি চালিয়ে যা পাই, সেটি দিয়ে অনেক কষ্টে সংসার চলে। অন্যের সম্পদ আমি নিয়ে কী করব। প্রকৃত মালিককে খুঁজে পেয়ে তার জিনিস ফেরত দিতে পেরেছি। এটাই আমার মানসিক শান্তি।