পঞ্চগড় প্রতিবেদক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০৮ পিএম
প্রতীকী ফটো
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় খড়ের গাদার নিচে চাপা পড়ে শফিকুল ইসলাম (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ সময় একটি গবাদি পশুও মারা যায়।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার চিলাহাটি ইউনিয়নের চর তিস্তাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম চরতিস্তা পাড়ার মৃত গোলাম রব্বানীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালঘর থেকে গরু বের করে বাড়ির পাশেই খড়ের গাদার নিচে বেঁধে রাখছিলেন বৃদ্ধ শফিকুল ইসলাম। এ সময় হঠাৎ বিশাল খড়ের গাদা ভেঙে পড়ে তার নিচে গরুসহ চাপা পড়েন শফিকুল ইসলাম। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যরা ও প্রতিবেশীরা দ্রুত খড় সরিয়ে তাকে এবং গরুটি উদ্ধারে করেন।
দেবীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার সরকার জানান, খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) স্যামুয়েল সাংমাসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে পরিদর্শন করে। এই ঘটনায় দেবীগঞ্জ থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে।