কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৪৪ পিএম
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৫ পিএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিন বেগমকে হত্যার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে র্যাব-১১ সিপিসি-২ কুমিল্লা কোম্পানি। আটককৃতের নাম আব্দুর রব (৭৩)।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১ সিপিসি-২ এর কুমিল্লা কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম।
তিনি জানান, নাঙ্গলকোট থেকে সোমবার দুপুরে সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হচ্ছে।
আটককৃত আব্দুর রব পেশায় কবিরাজ। তার বাড়ি নাঙ্গলকোট উপজেলায়। নিহতদের সঙ্গে সর্বশেষ যোগাযোগ হয়েছিল কবিরাজের সঙ্গেই। জানা গেছে, কয়েকদিন আগে সুমাইয়া ও তার মা চিকিৎসা ও পরামর্শের জন্য কবিরাজ আব্দুর রবের কাছে গিয়েছিলেন।
প্রসঙ্গত, সোমবার সকালে কুমিল্লা নগরীর কালিয়াজুরি এলাকার নিজ বাসা থেকে কুবির লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিন বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কক্ষে তালা দেন এবং বিক্ষোভ করেন পুলিশ সুপার কার্যালয় ও কান্দিরপাড় পূবালী চত্বরে।