চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫ ০০:১০ এএম
প্রবা ফটো
প্রকল্প বাস্তবায়নে কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সহযোগিতায় গত বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে ‘প্রকল্প বাস্তবায়নে চ্যালেঞ্জ ও করণীয় এবং বিপিসির আওতাধীন সমাপ্ত প্রকল্পসমূহের অভিজ্ঞতা বিনিময়’ শিরোনামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
বিপিসির চেয়ারম্যান মো. আমিন উল আহসানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। এ সময় সব প্রকল্প পরিচালক (পিডি), সংশ্লিষ্ট প্রকল্প কর্মীবৃন্দ, বিপিসির আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকগণ এবং ইএমআরডির পরিকল্পনা উইংসহ অন্যান্য উইংয়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
কর্মশালায় প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মীদের অভিজ্ঞতা বিনিময়, বাস্তবায়নে চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে আলোচনা করা হয়। দিনব্যাপী এই কর্মশালায় প্রকল্প পরিচালক ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের অভিজ্ঞতা, শিক্ষা এবং ভবিষ্যৎ করণীয় সুপারিশ উপস্থাপন করেন। একই সঙ্গে সচিব, ইএমআরডি এবং বিপিসি চেয়ারম্যান কৌশলগত দিকনির্দেশনা ও কার্যকর পরামর্শ তুলে ধরেন।
পরে কর্মশালায় চট্টগ্রাম-ঢাকা পাইপলাইন (সিডিপিএল), সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) ও কাস্টডি ফ্লো মিটার প্রকল্পের তিনজন প্রকল্প পরিচালককে সফলভাবে প্রকল্প সম্পাদনের স্বীকৃতি স্বরূপ ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন সচিব, ইএমআরডি।