সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫ ২১:২১ পিএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫ ২১:২৯ পিএম
আগামী নির্বাচন অবশ্যই সুষ্ঠু ও উৎসব মুখর হবে। নানা প্রতিকূলতা ও ঘাত-প্রতিঘাত অতিক্রম করে জনগণের শক্তিতে বলিয়ান হয়ে এগিয়ে যাচ্ছি এবং সেভাবেই বিচার ও সংস্কারের ধারাবাহিকতায় আগামী নির্বাচন সম্পন্ন করব বলে মন্তব্য করেছেন শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
রবিবার (৭ সেপ্টেম্বর) বিকালে সোনারগাঁ উপজেলার মেঘনাঘাট এলাকায় আনন্দ শিপইয়ার্ডে ৫৫০০ ডেডওয়েট টনের জাহাজ তুরস্কের কোম্পানির কাছে হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিল্প উপদেষ্টা বলেন, গণ-অভ্যুত্থানের পর যে কাজটি আমরা শুরু করেছি, বাংলাদেশের জনগনের নির্বাচিত সরকার সেটা এগিয়ে নিয়ে যাবে। গণ-অভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশার যে কাজগুলো সরকারের করা দরকার, তার অনেকখানি আমরা পূরণ করতে পেরেছি।
এ সময় উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব এনডিসি নুরুজ্জামান, তুরস্কের কমার্শিয়াল কাউন্সিলর বেলাল বেলুয়েট, আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান আব্দুল্লাহ হেল বারী, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান প্রমূখ।
উল্লেখ্য, ‘ওয়েস ওয়্যার’ নামের এই জাহাজটি ৩৪১ ফুট দীর্ঘ, ৫৫ ফুট প্রস্থ ও ২৫ ফুট গভীর। জাহাজটিতে রয়েছে ২৭৩৫ হর্স পাওয়ার ইঞ্জিন, যা ১২ নট গতিতে চলতে পারবে এবং সাড়ে পাঁচ হাজার টন কার্গো পরিবহন করতে পারবে।
আনন্দ শিপইয়ার্ডের কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশে জাহাজ নির্মাণ শিল্পে অগ্রণী ভূমিকা পালন করে আসছে প্রতিষ্ঠানটি। এ পর্যন্ত দেশীয় ও আন্তর্জাতিক ক্লায়েন্টদের কাছে ৩৫০টিরও বেশি জাহাজ সরবরাহ করেছে। ২০০৮ সালে আনন্দ শিপইয়ার্ড ডেনমার্কে কনটেইনার জাহাজ ‘স্টেলা মেরিস’ রপ্তানির মাধ্যমে সমুদ্রগামী জাহাজ রপ্তানিকারক হিসেবে প্রথম আত্মপ্রকাশ করে। তারপর থেকে জার্মানি, নরওয়ে, মোজাম্বিক, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে রপ্তানি করা হয়েছে।