ভালুকা (ময়মনসিংহ) প্রতিবেদক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫৬ পিএম
প্রতীকী ছবি।
ময়মনসিংহের ভালুকা উপজেলায় প্রাইভেটকারের ধাক্কায় লিপি আক্তার (২৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় শিশু সন্তান আরিয়ান (২) গুরুতর আহত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মাষ্টারবাড়ি ডাচবাংলা ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। নিহত লিপি আক্তার উপজেলার চরবৌলা গ্রামের এখলাস উদ্দিনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় লিপি আক্তার শিশু সন্তান আরিয়ানকে নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মাষ্টারবাড়ি এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ময়মনসিংহগামী একটি প্রাইভেটকার তাকে চাপা দিলে তিনি ও তার শিশু সন্তান গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাদের ভালুকা সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার লিপি আক্তারকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত শিশু সন্তান আরিয়ানকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ জানান, প্রাইভেটকারের ধাক্কায় নিহতের ঘটনায় আইনী ব্যবস্থা নেয়া হয়েছে।