চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১৭:২৯ পিএম
হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকায় সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যৌথ অভিযানে অভিনব কায়দায় পাচারের সময় বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে দিনব্যাপী সীমান্তবর্তী এলাকায় পরিচালিত একাধিক অভিযানে এসব পণ্য ও যানবাহন আটক করে ৫৫ বিজিবি।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং উপজেলার বাঘজোর বাজার এলাকার একটি পরিত্যক্ত গোডাউনে অভিযান চালিয়ে শাহী জিরা ও ফুচকাসহ ভারতীয় মালামালে ভর্তি তিনটি ট্রাক ও একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। যার আনুমানিক সিজার মূল্য প্রায় ২ কোটি ৪৬ লাখ ৬২ হাজার ৫০০ টাকা। তবে অভিযানের খবর পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।
এছাড়া মাধবপুর উপজেলার সাতছড়ি-চুনারুঘাট রোডের তেলিয়াপাড়া ও মুক্তিযুদ্ধ চত্ত্বর এলাকায় পৃথক অভিযানে আরও ভারতীয় ফুচকা, জিরা ও চকলেট উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ১ কোটি ৬১ লাখ ১৭ হাজার টাকা।
একই দিনে মনতলা, কাকমারাছড়া, গুটিবাড়ী, সিন্দুরখান ও হরিণখোলা সীমান্ত ফাঁড়ি এলাকায় আরও চারটি অভিযানে ৩২ কেজি ভারতীয় গাঁজা, বিপুল পরিমাণ ফুচকা ও দামী শাড়ি জব্দ করা হয়। এর মূল্য দাঁড়ায় প্রায় ৬১ লাখ ৭৫ হাজার টাকা। সব মিলিয়ে নয়টি অভিযানে জব্দকৃত পণ্য ও যানবাহনের আনুমানিক সিজার মূল্য প্রায় ৪ কোটি ৬৯ লাখ ৫৪ হাজার ৫০০ টাকা।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, দেশের সীমান্ত সুরক্ষা ও সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। সেনাবাহিনীর সহযোগিতায় বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, জব্দকৃত সব পণ্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমসে হস্তান্তরের কার্যক্রম চলছে। একইসঙ্গে চোরাকারবারি চক্রকে শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্তবর্তী জনগণকে মাদক ও চোরাচালান বিরোধী সামাজিক আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানান।