নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১৬:২৫ পিএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪০ পিএম
শাস্ত্রীয় সংগীতের কিংবদন্তি, সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর ৫৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অবশেষে শোকসভা আয়োজন করেছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসন।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে তার জন্মভূমি শিবপুর আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজের হল রুমে এই শোকসভা অনুষ্ঠিত হয়।
এর আগে শুক্রবার বিকালে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব চৌধুরী জানান, এ বছর কোনো শোকসভা আয়োজনের পরিকল্পনা নেই। তবে প্রতিদিনের বাংলাদেশের অনলাইনে ‘শিবপুরের পুণ্য মাটিতে সুরসম্রাটের স্মৃতির অবহেলা’ শিরোনামে প্রকাশিত খবরের পরপরই উপজেলা প্রশাসন দ্রুত সিদ্ধান্ত বদলে নেয় এবং আয়োজন করে শোকসভা।
শোকসভা শেষে সহকারী কমিশনার (ভূমি) খালেদ বিন মুনসুর সরাসরি শিবপুরে গিয়ে সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মভূমি, পরিবারবর্গের পুরোনো বসতভিটা, বাবা-মায়ের কবর এবং তার উদ্যোগে স্থাপিত মসজিদ পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় তিনি সুরসম্রাটের ম্যুরালে ফুলের তোড়া অর্পণ করেন এবং স্থানীয় সংস্কৃতিকর্মীদের সঙ্গে কথা বলেন। তিনি ভবিষ্যতে স্মৃতি সংরক্ষণ ও পর্যটন সম্ভাবনা বৃদ্ধির বিষয়ে পরিকল্পনা গ্রহণের প্রতিশ্রুতি দেন।
এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আবু কামাল খন্দকার, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমআর মুজিব প্রমুখ।
স্থানীয় সংস্কৃতিকর্মীরা বলেন, দীর্ঘদিন ধরে শিবপুরে সুরসম্রাটের স্মৃতিকে ঘিরে স্থায়ী কোনো কার্যক্রম হয়নি। বারবার প্রতিশ্রুতি এলেও বাস্তবে কোনো সুর সম্রাট আলাউদ্দিন খাঁ সংগীত জাদুঘর তৈরি হয়নি। এ শোকসভা, নির্বাহী ম্যাজিস্ট্রেটের পরিদর্শন এবং মুরালে ফুলের তোড়া অর্পণ নতুন করে আশার আলো জ্বালিয়েছে।