চাটমোহর (পাবনা) প্রতিবেদক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১৬:২২ পিএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১৮:২৪ পিএম
প্রবা ফটো।
পাবনার চাটমোহর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে গেছে পাঁচটি পরিবার। শনিবার (৬ সেপ্টেম্বর) উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের দাঁথিয়া কয়রাপাড়া দক্ষিণ বালুদিয়ার গ্রামে আনুমানিক রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে আগুনের লেলিহান শিখা মুহূর্তেই পাঁচটি পরিবারের বসতবাড়ি, হাঁস-মুরগির খামার, ফসল, পাট, রসুন এবং গবাদি পশু সম্পূর্ণভাবে পুড়ে ছাই করে দেয়। আতঙ্কিত হয়ে পরিবারগুলো ঘর থেকে বের হলেও নিজেদের কোনো সম্পদ রক্ষা করতে পারেননি।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ছাত্তার সরদারের দাবি, তার প্রায় ৫ থেকে ৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তার ৪০টি হাঁস, ৭০টি কবুতর, ৩টি ছাগল, ১২ মণ রসুন, দুটি হাঁসের খামার এবং বসতঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে।তিনি বলেন, আমার সব শেষ হয়ে গেল। হাঁস, কবুতর, ছাগল, খামার কিছুই রইল না। এক রাতেই নিঃস্ব হয়ে গেলাম।
অন্যদিকে রবিউল ইসলামের দুইটি বসতঘর, প্রায় ২৫ থেকে ৩০ মণ রসুন, ১৫ মণ পাট এবং ১০টি হাঁস আগুনে পুড়ে গেছে। পরিবারের দাবি, জীবনের সমস্ত সঞ্চয় এক রাতেই শেষ হয়ে গিয়েছে। তিনি বলেন, সারা বছরের খরচ চালানোর জন্য যে রসুন আর পাট জমিয়েছিলাম, সব আগুনে শেষ। এখন সন্তানদের নিয়ে কোথায় যাব, কিছুই বুঝতে পারছি না।
এছাড়াও আরও তিনটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের ঘরবাড়ি, আসবাবপত্র, ফসল ও গৃহপালিত পশুপাখিও সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয়দের ধারণা, গোয়ালের ভেতরে রাখা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আবার কেউ কেউ বলছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেও এই দুর্ঘটনা ঘটতে পারে। তবে সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
যোগাযোগ ব্যবস্থা না থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। স্থানীয়রা নিজেদের উদ্যোগে পানি ও বালতি ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা চালালেও ততক্ষণে সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোট ২৫ থেকে ৩০ লাখ টাকার সম্পদ এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।
এদিকে রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের দ্রুত সরকারি সহায়তা প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত সবাইকে টিন ও খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। ৫টি পরিবারকে ৩০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। পরবর্তীতে কোন সুযোগ থাকলে বিবেচনা করা হবে