রাজবাড়ী ও গোয়ালন্দ প্রতিবেদক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫৬ এএম
নুরাল পাগলার দরবারে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। প্রবা ফটো
রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টায় গ্রেপ্তারের বিষযটি নিশ্চিত করেছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব।
গ্রেপ্তাররা হলেন, গোয়ালন্দ উপজেলার দেওয়ান পাড়া গ্রামের মো. শাফিন সরদার (১৮), উপজেলার উজানচর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ও ইউনিয়নের ১ নম্বর দিরাস্তুল্লাহ মৃধা পাড়ার মো. মাসুদ মৃধা। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের হিরু মৃধা, দেওয়ান পাড়া গ্রামের এনামুল হক জনি (৩২) ও গোয়ালন্দ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাজীপাডা গ্রামের কাজী অপু (২৫)।
পুলিশ সুপার শরীফ আল রাজীব বলেন, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের হলে শনিবার রাতে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আজ আদালত পাঠানো হবে।
এর আগে শুক্রবার রাতে পুলিশের সরকারি কাজে বাঁধা, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম মোল্লা বাদী হয়ে ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন।