× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে পদদলিত হয়ে ২ জনের মৃত্যু

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৫২ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুসে পদদলিত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ছয়জন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নগরের মুরাদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চট্টগ্রামের পটিয়া উপজেলার আইয়ুব আলী (৬০) ও নগরের কালামিয়া বাজার এলাকার কিশোর সাইফুল ইসলাম (১৩)। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আঞ্জুমানে রহমানিয়া ট্রাস্টের মেডিকেল টিমের সদস্য আমিনুর রহমান জানান, প্রচণ্ড ভিড় ও গরমে কয়েকজন অসুস্থ হয়ে নিচে পড়ে যান। তখনই পদদলনের ঘটনা ঘটে। আহত আটজনকে দ্রুত হাসপাতালে আনা হয়, এর মধ্যে দুজন মারা গেছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত আটজনকে দ্রুত হাসপাতালে আনা হয়, এর মধ্যে দুজন মারা গেছেন। একজনকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, চট্টগ্রাম নগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে দেশের সবচেয়ে বড় ধর্মীয় শোভাযাত্রাঐতিহাসিক জশনে জুলুস। শনিবার সকাল ১০টার দিকে আলমগীর খানকা শরীফ থেকে শুরু হয় ৫৪তম এ জুলুস।

ভোর থেকেই নগরের বিভিন্ন প্রান্তে লাখো মানুষের ঢল নামে। ট্রাক ও মিনি ট্রাক সাজিয়ে ভক্ত-অনুরাগীরা শোভাযাত্রায় যোগ দেন। নগরের বিভিন্ন মোড়ে মোড়ে শরবত, পানি ও তাবাররুক বিতরণ করে আপ্যায়নের ব্যবস্থা করেন স্বেচ্ছাসেবকরা। এতে শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ আনন্দ-উৎসবে অংশ নেয়।

শোভাযাত্রার নিরাপত্তায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। এ ছাড়াও আঞ্জুমান ট্রাস্টের স্বেচ্ছাসেবকরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। ঐতিহাসিক এ জুলুসের নেতৃত্ব দেন আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মাদজাল্লাহু আলি)। পীর-মাশায়েখ ও আলেম-ওলামারা এতে অংশ নেন।

আল্লামা সাবির শাহ বলেন, জশনে জুলুস হচ্ছে নবীপ্রেমের সোনালি প্রদীপ। লাখো মানুষের অংশগ্রহণ প্রমাণ করে, মুসলমানরা নবীজির (সা.) ভালোবাসায় ঐক্যবদ্ধ। ১৯৮০ সাল থেকে শুরু হওয়া এ জুলুস এখন বিশ্বের অন্যতম বৃহৎ সমাবেশে পরিণত হয়েছে। চট্টগ্রাম আজ ঈমান, ভ্রাতৃত্ব ও মানবতার মহোৎসবে রূপ নিয়েছে।

বাংলাদেশ স্বাধীন হওয়ার তিন বছর পর থেকে ইসলামি বর্ষপঞ্জির ১২ রবিউল আউয়াল তারিখে আঞ্জুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট এ আয়োজন করে আসছে। ঐতিহ্যবাহী এ জুলুস এখন শুধু বাংলাদেশ নয়, বিশ্বব্যাপী সুন্নি মুসলমানদের কাছে এক অনন্য দৃষ্টান্ত। প্রতিবছর লাখো ভক্ত-অনুরাগীর সমাগমে এটি বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় শোভাযাত্রায় রূপ নিয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা