গলাচিপা (পটুয়াখালী) প্রতিবেদক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫ ০০:১০ এএম
পটুয়াখালীর গলাচিপায় পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ মাহবুব (৩৫) মারা গেছেন।
নিহত মাহবুব চরবিশ্বাস ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড দক্ষিণ চরবিশ্বাস এলাকার জলিল হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে পারিবারিক বিরোধের সময় মেঝো ভাই রেজাউল হাওলাদার তার ছোট ভাই মাহবুবের মাথার পেছনে লাঠি দিয়ে আঘাত করেন। এতে গুরুতর জখম হলে স্থানীয় কমিউনিটি ক্লিনিকে তাকে নেওয়া হয়। সেখানে মাথায় পাঁচটি সেলাই দিয়ে বাড়িতে চিকিৎসাধীন রাখা হয়। তবে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে অবস্থার অবনতি হলে তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা জলিল হাওলাদার বলেন, বাড়িতে বসে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া চলাকালীন হঠাৎ রেজাউল পেছন থেকে লাঠি দিয়ে মাহবুবকে আঘাত করে। এতে তার মাথা ফেটে গুরুতর জখম হয়। পরে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিলেও শুক্রবার দুপুরে আমার ছেলে মাহাবুব মারা যায়।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। তবে মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের জন্য মরদেহ ময়নাতদন্তে পাঠানো হবে।