চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫ ২২:৫৬ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫ ২২:৫৭ পিএম
দেশের সকল বিশেষায়িত হাসপাতালগুলো ঢাকা কেন্দ্রিক। চট্টগ্রামে সরকারি এবং বেসরকারি পর্যায়ে স্বাস্থ্যসেবা খুবই অপ্রতুল। সরকারের অনেক সীমাবদ্ধতা রয়েছে। সম্পূর্ণ বিপর্যস্ত একটা অর্থনীতি নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। এ ক্ষেত্রে চট্টগ্রামে বিশেষায়িত চিকিৎসাসেবা বা বিশেষায়িত হাসপাতাল করার জন্য বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিদর্শন শেষে কনফারেন্স রুমে কার্যনির্বাহী কমিটি, হাসপাতাল ও মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষিকা, ডাক্তার, নার্স, কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল সম্পূর্ণ ব্যতিক্রম একটি উদ্যোগ উল্লেখ করে তিনি বলেন, সরকারিভাবে চট্টগ্রাম মেডিকেল ও জেনারেল হাসপাতালের ওপর বেশিরভাগ রোগীকে নির্ভর করতে হয়। বেসরকারি উদ্যোগ হিসেবে মা ও শিশু হাসপাতালও চট্টগ্রামবাসীর আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। করোনাকালীন রোগীদের চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
ডাক্তারদের উদ্দেশে তিনি বলেন, ডাক্তারদের কোনো দল থাকতে পারে না। সবার ওপরে তারা ডাক্তার। তাদের মানবিক হতে হবে। সবক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সৎ থাকতে হবে।
এর আগে স্বাস্থ্য উপদেষ্টা হাসপাতালের এনআইসিইউ, পিআইসিইউসহ কয়েকটি বিভাগ পরিদর্শন করেন। কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন হাসপাতালের সার্বিক কার্যক্রমের বিষয়ে তাকে অবহিত করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও উপদেষ্টার একান্ত সচিব ডা. মো. মনজুরুল ইসলাম, চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম প্রমুখ।