কুমিল্লা অফিস
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৯:১৬ পিএম
কুমিল্লার ময়নামতি হাইওয়ে থানা পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এ সময় তার ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় কুমিল্লা কোতোয়ালি থানাধীন আলেখারচর এলাকা থেকে মাদক কারবারি মো. ইব্রাহিমকে (৩৮) গ্রেপ্তার করা হয়। তিনি জেলার সদর দক্ষিণ থানার মিন্নতনগর এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাইওয়ে পুলিশ জানতে পারে যে, কুমিল্লা সদর দক্ষিণ সীমান্ত এলাকা থেকে একটি প্রাইভেট কারে করে মাদক নিয়ে ঢাকায় যাওয়া হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে এসআই ইকবাল হোসেন, এএসআই রাজিবুল আলম সঙ্গীয় ফোর্সসহ একটি অভিযান পরিচালনা করেন। অভিযান চালিয়ে আলেখারচর এলাকায় প্রাইভেট কারটি থামানো হয়। পরে কারটি তল্লাশি করে ব্যাকডালা থেকে ৫০ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় মাদক কারবারি ইব্রাহিমকেও গ্রেপ্তার করা হয়।
ময়নামতি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।