মিঠাপুকুর (রংপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪৪ পিএম
রংপুরের মিঠাপুকুরে অনলাইন ক্যাসিনো ও ডলার প্রতারণার সঙ্গে জড়িত চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের ধাপ (নয়াপাড়া) এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেনÑ গোপালপুর ইউনিয়নের ধাপ (নয়াপাড়া) এলাকার লাল মিয়ার ছেলে হাবিবুর রহমান (৩২), হাফিজুর রহমান (৩৩), শামীম মিয়া (২৪) এবং একই এলাকার সুলতান মিয়ার ছেলে সুমন সরকার ওরফে তিতাস (২৮)।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) মিঠাপুকুর থানা পুলিশের ওসি (তদন্ত) মো. হাফিজুর রহমান এসব কথা বলেন। তিনি জানান, চক্রটি দীর্ঘদিন ধরে অনলাইনে ক্যাসিনো পরিচালনা এবং ডলার কেনাবেচার নামে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে প্রতারণা করে আসছিল। তারা প্রথমে লোভনীয় প্রস্তাব দিয়ে ভুক্তভোগীদের বিভিন্ন স্থানে ডেকে নিত। এরপর কৌশলে অজ্ঞান করে সঙ্গে থাকা টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিত। শুধু রংপুরেই নয়, দেশের বিভিন্ন জেলার সাধারণ মানুষকেও একই কায়দায় প্রতারণা করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।তিনি আরও বলেন, তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। এই চক্রের অন্য সদস্যদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।