মহেশখালী (কক্সবাজার) প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১৯:১০ পিএম
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি উপকূল থেকে কোস্ট গার্ড বিশেষ অভিযানে একটি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোটসহ ১৮ জেলেকে আটক করেছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. বিএন শাকিব মেহবুব। তিনি জানান, মৎস্যসম্পদ রক্ষায় নিয়মিত টহল কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
কোস্টগার্ড সূত্র জানায়, সমুদ্র উপকূলে অবস্থানরত অপারেশন সুরক্ষায় নিয়োজিত জাহাজ অপূর্ব বাংলা শনিবার সকালে বিশেষ অভিযান শুরু করে। মাতারবাড়ি সংলগ্ন সমুদ্র এলাকায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে দ্রুত তল্লাশি চালানো হয়। এতে ধরা পড়ে একটি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট এবং তার ভেতরে অবস্থান করা ১৮ জন জেলে। তাৎক্ষণিকভাবে বোট জব্দ এবং জেলেদের আটক করা হয়।
আটক জেলেদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে কোস্ট গার্ড। কর্মকর্তারা জানান, এ ধরনের অবৈধ ট্রলিং কেবল দেশের সামুদ্রিক সম্পদকে হুমকির মুখে ফেলে না, বৈধ জেলেদের জীবিকাকেও সংকটে ঠেলে দেয়। তাই নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ উদ্যোগে অবৈধ মাছ ধরা রোধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মহেশখালী ও কক্সবাজার উপকূলে অবৈধ ট্রলিং বোটের সংখ্যা বেড়ে যাওয়ায় মৎস্য সম্পদ ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, অবৈধ কার্যক্রম বন্ধে এ ধরনের নিয়মিত অভিযান জেলেদের আস্থা বাড়াবে এবং সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক প্রভাব ফেলবে।