পার্বতীপুর (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১৭:২৭ পিএম
প্রতীকী ফটো
দিনাজপুরের পার্বতীপুরের মধ্যপাড়ার পলিপাড়া গ্রামের কৃষক মফিজুল (৫৫) পরকীয়া করতে গিয়ে গণপিটুনিতে নিহত হয়েছেন। এমনটাই জানিয়েছে এলাকাবাসী। ঘটনাটি ঘটে বুধবার।
জানা যায়, বুধবার রাত ১০টায় পার্শ্ববর্তী গ্রামে আপন শ্যালিকার সঙ্গে দেখা করতে গেলে হাতেনাতে ধরে ফেলেন ওই পরিবারের সদস্যরা। এরপর তাকে উত্তম-মধ্যম দেওয়া হলে গুরুতর আহত হন তিনি। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে রাত একটায় মফিজুল মৃত্যুর কোলে ঢলে পড়েন।
স্থানীয়রা জানান, ইতিপূর্বেও ওই মহিলার সঙ্গে তার অনৈতিক সম্পর্ক ধরা পড়লে বিষয়টি নিয়ে বিচার-সালিশ হয়। ওই মহিলার স্বামী চাকরির সুবাদে এলাকার বাইরে থাকায় মফিজুল ঘন ঘন আসতেন ওই বাড়িতে। বুধবার রাতে ওই মহিলার কাছে এলে হাতনাতে ধরে ফেলেন পরিবারের অন্য সদস্যরা।
এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত চারজনকে আটক করা হয়েছে।