× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদ্যুৎ চুরি করে যানবাহন চার্জ, সাড়ে ২২ লাখ টাকার মামলা

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১৭:২৪ পিএম

বিদ্যুৎ চুরি করে যানবাহন চার্জ, সাড়ে ২২ লাখ টাকার মামলা

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর পশ্চিমপাড়া এলাকায় বিদ্যুৎ চুরি করে অবৈধভাবে ব্যাটারিচালিত ইজিবাইক, টমটম চার্জের একটি গ্যারেজ তৈরি করে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিলেন এক ওমানপ্রবাসী। 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টায় বিদ্যুৎ কার্যালয়ের লোকজন অভিযান চালিয়ে ওই প্রবাসীর বাড়িতে একটি চার্জিং গ্যারেজের সন্ধান পান। এসময় ওই বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ ঘটনায় ২২ লাখ ৪৮ হাজার টাকা ক্ষতিপূরণ আদায়ে মামলা দায়ের করা হয়।

এলাকাবাসী ও জগন্নাথপুর বিদ্যুৎ কার্যালয় সূত্রে জানা গেছে, হবিবপুর গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে ওমানপ্রবাসী জাহাঙ্গীর আলী বিদ্যুৎ কার্যালয় থেকে নিজ বাড়ির জন্য ১০ কিলোওয়াট লোড বরাদ্দ নিয়ে বাড়ির আঙ্গিনায় ব্যাটারিচালিত ইজিবাইক ও টমটম চার্জের গ্যারেজ করেন। দীর্ঘদিনের রিচার্জ প্যাটার্ন ব্যবহৃত লোডের কোনো সামঞ্জস্যতা না থাকায় বিদ্যুৎ বিভাগের সন্দেহ হলে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে গ্যারেজের সন্ধান পান। পরে গ্যারেজ খুলে দেখা যায়, জাহাঙ্গীর আলী ২৯টি ব্যাটারিচালিত গাড়িতে মিটার বাইপাস করে একাধিক অবৈধ বিদ্যুৎ সংযোগ স্থাপন করে চার্জ দিচ্ছিল। এভাবে প্রতিরাতে একজন ইলেকট্রিশিয়ান ও একজন পাহারাদার নিযুক্ত করে বিদ্যুৎ চুরি করে অবৈধভাবে চার্জের ব্যবসা করে আসছিলেন।

জগন্নাথপুর উপজেলা বিদ্যুৎ উন্নয়ন কার্যালয়ের উপ-সহকারী আবুল আজাদ পাবেল জানান, জাহাঙ্গীর আলীর নামে ১০ কিলোয়াট লোড বরাদ্দ থাকলেও তার মাসিক বিল আসে ৪ থেকে ৫ হাজার টাকা। যেখানে তার ১৪-১৫ হাজার টাকা বিল আসার কথা। দীর্ঘদিনের রিচার্জ প্যাটার্ন ব্যবহৃত লোডের কোনো সামঞ্জস্যতা না থাকায় আমাদের সন্দেহ হলে আমরা সোর্স লাগিয়ে জানতে পারি, তিনি দীর্ঘদিন ধরে ২৫-৩০টি ইলেকট্রিক যানবাহন অবৈধভাবে সংযোগের মাধ্যমে চার্জ দিয়ে আসছেন। এজন্য তিনি মাসিক ভাড়ায় একজন পাহারাদার ও একজন ইলেকট্রিশিয়ান নিযুক্ত করে চুরি করে বিদ্যুৎ ব্যবহার করে আসছেন।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জগন্নাথপুর উপজেলা কার্যালয়ের আবাসিক প্রকৌশলী আজিজুল ইসলাম আজাদ জানান, তাৎক্ষণিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অননুমোদিত ও অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের প্রাপ্ত প্রমাণ প্রত্যক্ষদর্শীর সাক্ষী মিটার হতে রেকর্ডকৃত ডাটা নিরীক্ষা করে বিদ্যুৎ আইন ২০১৮ অনুযায়ী ২২ লাখ ৪৮ হাজার ৫৭৪ টাকা ক্ষতিপূরণ দাবি করে মামলা করা হয়েছে। তিনি বলেন, আমরা সকল আলামত জব্দ করেছি এবং সংযোগের মিটারটি আমাদের ল্যাবে পরীক্ষা করে চুরির যাবতীয় তথ্য-উপাত্ত প্রমাণাদি আদালতে উপস্থাপন করব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা