হিলি (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১৩:১৩ পিএম
দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ আগস্ট) বেলা ১১টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে কৃষি বিভাগের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলার ৩০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে মাশকলাইয়ের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ৫ কেজি এমওপি সার দেওয়া হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগমের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ ও কৃষি সম্প্রসারণ অফিসার মেজবাউল হক।
তারা বলেন, বর্তমান সরকার কৃষকবান্ধব। প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের সার, বীজ ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে কৃষিকে টেকসই করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে কৃষকরা যেমন লাভবান হবেন, তেমনি দেশের খাদ্য উৎপাদন আরও বৃদ্ধি পাবে।
কৃষক সাহার উদ্দিন বলেন, বিনামূল্যে এই বীজ ও সার পেয়ে আমরা অনেক খুশি। এতে চাষাবাদের খরচ কমবে এবং উৎপাদনও বাড়বে বলে আশা করছি।
কৃষক আলী হোসেন বলেন, আমাদের মতো প্রান্তিক কৃষকদের জন্য এই সহযোগিতা অত্যন্ত উপকারী। সরকারের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং ভবিষ্যতেও এমন সহযোগিতা কামনা করি।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এ সহায়তা প্রদান করা হচ্ছে। ধীরে ধীরে উপজেলার সব কৃষককে এর আওতায় আনা হবে।