নরসিংদী প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫৩ পিএম
বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান বিকে স্কুল অব রিসার্চ এবং শ্রীলঙ্কাভিত্তিক জ্ঞানচর্চা কেন্দ্র সিলন ফাউন্ডেশন ফর ইকোনমিক পলিসি অ্যানালাইসিস (সিএফইপি) একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় অনলাইনে আয়োজিত অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা এ চুক্তিতে সই করেন।
চুক্তি অনুযায়ী, দুই প্রতিষ্ঠান যৌথভাবে গবেষণা প্রকল্প গ্রহণ, নীতি-সংলাপ আয়োজন, প্রশিক্ষণ কর্মশালা ও সম্মেলন পরিচালনা, তরুণদের দক্ষতা বৃদ্ধি এবং যৌথ গবেষণা প্রবন্ধ ও নীতি-সারসংক্ষেপ প্রকাশ করবে। এতে দক্ষিণ এশিয়ার সামাজিক-অর্থনৈতিক ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলা সহজতর হবে বলে আশা করা হচ্ছে।
বিশ্লেষকরা মনে করছেন, এ উদ্যোগ দক্ষিণ এশিয়ার গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আন্তঃদেশীয় সহযোগিতার ধারা জোরদার করবে। বিশেষ করে জলবায়ু সহনশীলতা, টেকসই জীবিকা এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির মতো বিষয়গুলোয় আঞ্চলিক জ্ঞান-বিনিময়ের গুরুত্ব এতে প্রতিফলিত হয়েছে। এই সমঝোতার মাধ্যমে বিকে স্কুল অব রিসার্চ ও সিএফইপি দক্ষিণ এশিয়ায় টেকসই উন্নয়ন অগ্রযাত্রা এবং নতুন প্রজন্মের নীতি গবেষক তৈরিতে তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
শ্রীলঙ্কাভিত্তিক জ্ঞানচর্চা কেন্দ্র সিলন ফাউন্ডেশন ফর ইকোনমিক পলিসি অ্যানালাইসিস (সিএফইপি) এর চেয়ারম্যান ও পরিচালক পাসান বিজয়াবর্ধনা বলেন, দক্ষিণ এশিয়া আজ বহুমুখী সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জের সম্মুখীন। এ সমঝোতা স্মারক যৌথ গবেষণা কর্মকান্ডকে শক্তিশালী করবে, যা সরাসরি নীতি প্রণয়নে ভূমিকা রাখবে।
বিকে স্কুল অব রিসার্চের প্রতিষ্ঠাতা ও পরিচালক বিজন কুমার বলেন, এই সমঝোতা আমাদের গবেষণা প্রচেষ্টাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং তরুণ গবেষকদের কণ্ঠস্বর জোরালো করবে। জলবায়ু পরিবর্তন মোকাবেলা তথা টেকসই অভিলক্ষ্য অর্জনের ক্ষেত্রে গবেষণামুখী তরুণদের ভূমিকা পালনে দারুণ সহায়ক হবে এই সমঝোতা।
অনুষ্ঠানে বাংলাদেশ, নেপাল, ভারত, শ্রীলঙ্কা ও তাইওয়ানসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের তরুণ গবেষকরা অংশ নেন। উপস্থিত ছিলেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশ-এর নরসিংদী প্রতিনিধিও।