রহিম শুভ, ঠাকুরগাঁও
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৩০ এএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৩৪ এএম
ঠাকুরগাঁও থেকে দেখা গেছে কাঞ্চনজঙ্ঘা। প্রবা ফটো
পঞ্চগড় থেকে হিমালয় পর্বতমালার তৃতীয় সর্বোচ্চ চূড়া কাঞ্চনজঙ্ঘা দেখতে প্রতিবছর দেশের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন ভ্রমণপিপাসুরা। কিন্তু গত মঙ্গলবার সন্ধ্যা ও গতকাল বুধবার সকালে ঠাকুরগাঁও থেকে দেখা মিলেছে অপরূপ সৌন্দর্যে ভরা কাঞ্চনজঙ্ঘার। ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ফেসরাডাঙ্গী ব্রিজ, রাজাগাঁও ইউনিয়নের টাঙ্গন ব্রিজ ও আকচা ইউনিয়নে বুড়ির বাঁধ এলাকা থেকে দেখা গেছে পর্বতশৃঙ্গটি।
২০১৩ সালে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের বুড়িরবাঁধ এলাকা থেকে কাঞ্চনজঙ্ঘা চূড়ার ছবি প্রথম ক্যামেরাবন্দি করেন ফটোগ্রাফার রেজাউল হাফিজ রাহী। এর আগে শুধু পঞ্চগড় থেকে বিশেষ একটা সময়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যেত।
-68b907e0dc458.jpg)
রাহী বলেন, ২০১৩ সালে বুড়িরবাঁধ এলাকায় পাখির ছবি তুলতে গিয়ে প্রথম কাঞ্চনজঙ্ঘার ছবিটি ক্যামেরাবন্দি করি। এরপর তা ফেসবুকে পোস্ট করি। তারপর থেকেই মানুষ জেনেছেÑ শুধু পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে নয়, ঠাকুরগাঁও থেকেও এটি দেখা যায়।
তিনি বলেন, কাঞ্চনজঙ্ঘা ভারতের সিকিম ও নেপালের সীমান্ত অঞ্চলে অবস্থিত পর্বতশৃঙ্গ। অক্টোবরের মাঝামাঝি থেকে জানুয়ারি পর্যন্ত পঞ্চগড় ও ঠাকুরগাঁও থেকে দেখা যায় এটি। এবার সেপ্টেম্বর থেকে দেখা যাচ্ছে।
বুড়িরবাঁধ এলাকার নাজমুল হক বলেন, গত বছর কাঞ্চনজঙ্ঘা দেখেছিলাম এই বাঁধ থেকে। আজকে (বুধবার) সকালেও দেখার সৌভাগ্য হলো।
পৌর শহরের হাজীপাড়ার বাসিন্দা মেহেদী হাসান লিপু বলেন, প্রতিবছর পঞ্চগড় যাই এই মনোরম পাহাড়টি দেখতে। গতকাল (মঙ্গলবার) শুনলাম টাঙ্গন ব্রিজ ও বুড়িরবাঁধ থেকে দেখা যাচ্ছে। আজকে (বুধবার) সকালে আমাদের ঠাকুরগাঁওয়ের বিভিন্ন স্থান থেকে দেখা গেছে পর্বতটি। দেখে মন ভরে গেল।
-68b907ee7000d.jpg)
টাঙ্গন ব্রিজ এলাকার হোসেন আলী বলেন, সকাল থেকে রোদ উঠেছে, আকাশ পরিষ্কার। তাই সকাল ৬টা থেকে ৭টার মধ্যে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতচূড়া কাঞ্চনজঙ্ঘা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে।
ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইসরাত ফারজানা বলেন, গতকাল (মঙ্গলবার) আমিও কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করছি। আজকে (বুধবার) সকালেও দেখা দিয়েছে এটি। চমৎকার ও অপূর্ব সেই দৃশ্য।