সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫ ২২:৩৪ পিএম
ফরিদপুরের সালথা উপজেলার আড়ুয়াকান্দী গ্রামের বাসিন্দা মো. নুরউদ্দিন মাতুব্বর ওরফে নুরু মাতুব্বর। তিনি গট্টি ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য। গত ১৫ বছর তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে দাবি একটি পক্ষের। বিভিন্ন সংবাদমাধ্যমেও আওয়ামী লীগ নেতা হিসেবে সংবাদ প্রকাশিত হয় তার বিরুদ্ধে।
তবে নুরু মাতুব্বরের দাবি, ‘তিনি গট্টি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ছিলেন। কখনও আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন না।’ এ বিষয়টি খোলাসা করতে বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে গট্টি ইউনিয়নের মাদ্রাসা গট্টি মোড়ে সংবাদ সম্মেলন করেন নুরু মাতুব্বর।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি ২০১৫ সাল পর্যন্ত বিএনপির কমিটিতে ছিলাম। সেখানে আমি গট্টি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করেছি। এরপর আওয়ামী লীগের চাপ অনেক হামলা-মামলার শিকার হয়েছি। আওয়ামী লীগের দেওয়া মিথ্যা মামলায় জেল খেটেছি। আমাকে চাপে ফেলে তাদের দলে মিশতে বাধ্য করেছে। আমি কখনও আওয়ামী লীগের হইনি। বিএনপির সাবেক মহাসচিব মরহুম কে এম ওবায়দুর রহমানের একজন বিশ্বস্ত কর্মী ছিলাম। তিনি আমার বাড়িতে অনেকবার এসেছেন, আমার মায়ের হাতের পিঠাপুলিও খেয়েছেন।’
তিনি দাবি করেন, ‘একটি মহল আমাকে আওয়ামী লীগের নেতা বানিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যেমে এবং সমাজিক যোগাযোগ মাধ্যমে খবর প্রচার করে আমাকে রাজনৈতিকভাবে হেয়পতিপন্ন করতে গুজব ছড়াচ্ছে। আমি এর নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আপনাদের কাছে বিচার চাই।’
নুরু মাতুব্বর বলেন, ‘আমার আওয়ামী লীগের কোনো কমিটিতে নাম নেই, আর যদি আমার অজান্তে কোনো কমিটিতে নাম থাকে, আজ এ সংবাদ সম্মেলন থেকে তা আমি প্রত্যাহার করলাম।’
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপির কর্মী নুর আলম, ইউনুস মোল্লা, সাবান খান, ইসহাক মাতুব্বর, সায়েদ মীর, আফতার খান, শুকুর খান, পাজ্ঞু মাতুব্বরসহ কয়েক শত নেতাকর্মী।