টেকনাফ (কক্সবাজার) প্রতিবেদক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫ ২১:৫৩ পিএম
কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে ৩০ হাজার পিস ইয়াবাসহ তিন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটকরা হলেন- টেকনাফ সদর ইউনিয়ন উত্তর নাজিরপাড়া এলাকার আব্দুল্লাহ, একই এলাকার মো. জহির আহমেদ ও মো. কেফায়েত উল্লাহ।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) তাদের আটক করা হয়।
টেকনাফ ব্যাটালিয়ান ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, নাফ নদীতে মাছ ধরার আড়ালে মিয়ানমার থেকে একটি বড় মাদকের চালান বাংলাদেশে পাচার হবে এমন খবরে সমন্বিত অভিযান পরিচালনা করা হয়। মায়ানমারের মুংডু খাল থেকে একটি সন্দেহজনক জেলে নৌকা নাফ নদীর শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের সীমানায় আসলে নৌকাটি তল্লাশি করে ৩০ হাজার পিস ইয়াবাসহ তিনজন জেলেকে আটক করা হয়।
কর্নেল আশিকুর রহমান বলেন, আটকদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, মিয়ানমার থেকে মাদকের চালানটি নাজিরপাড়ার মাদককারবারি ইমান আলীর কাছে পৌঁছে দেওয়ার জন্য ৩০ হাজার টাকা চুক্তি করেন। চালানটি পৌঁছানোর আগেই তারা বিজিবির হাতে ধরা পড়েন।
এ ঘটনায় ইমাম হোসেনকে পলাতক আসামি করে উদ্ধার ইয়াবাসহ তিনজনকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।