বাগেরহাট প্রতিবেদক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫ ২০:৪০ পিএম
বাগেরহাটের বিসিক শিল্প এলাকায় ভেজাল প্রসাধনী তৈরির কারখানা সিলগালা ও ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (০৩ সেপ্টেম্বর) বিকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক শরিফা সুলতানা এই আদেশ প্রদান করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দলকে সঙ্গে নিয়ে এই অভিযান চালানো হয়। অভিযানে ভেজাল ফেয়ার অ্যান্ড লাভলী, অর্গানিক হেয়ার রিমুভাল ক্রিম, ফ্লোরিয়াস লিহান রং ফর্সাকারী ক্রিম, অর্গানিক হারবাল হেয়ার টনিক, গুলাবাড়ি, মিস অ্যান্ড মিসেস বুস্টার, লাভ ইন বিউটি ক্রিম, স্পট আউট স্কিন ক্রিম, হিড কুল অয়েল, হানি অ্যান্ড এলমন্ড স্ক্রিন ময়েশ্চারাইজিং, লিহন গিলিসারিন, রোজ ওয়াটার, মোড়ক ছাড়া সাবান, তৈরির প্রমাণ পাওয়া যায়। বিভিন্ন ধরনের পণ্যের মোড়ক পাওয়া যায়। মাত্র তিনটি পণ্যের অনুমতি নিয়ে মিজানুর রহমান নামের ওই ব্যবসায়ী এসব ভেজাল পণ্য তৈরি করছিলেন।
বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া পণ্য তৈরি, মোড়কজাতকরণ ও ভেজাল পণ্য তৈরির অপরাধে প্রতিষ্ঠানটিকে আইন অনুযায়ী শাস্তি প্রদান করা হয়েছে। ভেজাল পণ্যগুলো ধ্বংস করা হয়েছে। পণ্যের গুণগত মান নিশ্চিত ও ভেজাল রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী পরিচালক শরিফা সুলতানা।
বিসিক সূত্রে জানা যায়, অলিফ কুমার নামের এক ব্যবসায়ী টিনের ফ্যাক্টরি হিসেবে বিসিকের ওই প্লটটি ইজারা নিয়েছিলেন। তিনি ওই প্রসাধনী ব্যবসায়ীকে ভাড়া দিয়েছিলেন। তবে, অভিযানের সময় ব্যবসায়ী মিজানুর রহমানকে পায়নি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেখানে দুইজন মাত্র কর্মচারী ছিলেন, অন্য শ্রমিক বা কর্মচারীরা অভিযানের টের পেয়ে পালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিসিকের প্রমোশন কর্মকর্তা মো. শরীফ সরদার বলেন, বিএসটিআইয়ের অনুমোদিত পণ্য ছাড়াও বেশ কিছু অননুমোদিত পণ্য তৈরি করছিল প্রতিষ্ঠানটি। প্রশাসন ও আমাদের কাছে তথ্য ছিল। তারই পরিপ্রেক্ষিতে অভিযান চালায়ে সন্ধান পাওয়া যায়। আমি আশা করছি, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের এমন অভিযান চলমান থাকবে এবং সুস্থ থাকার নিশ্চয়তা প্রদান করবে। এমন অভিযান আশপাশে অন্যান্য শিল্প প্রতিষ্ঠান আছে তারা শিক্ষা গ্রহণ করবে। ভবিষ্যতে বিসিকে কেউ যাতে ভেজাল ও মানহীন পণ্য উৎপাদন না করতে পারে সেজন্য নজরদারি করা হবে বলে জানান তিনি।