অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ
চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫ ২০:০০ পিএম
প্রতীকী ছবি।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় কক্সবাজারের উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ মিজানুর রহমানের আদালতে এই সাক্ষ্যগ্রহণ ও জেরা করা হয়। এর আগে, ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর বিভাগীয় স্পেশাল দায়রা জজ আদালতের তৎকালীন ভারপ্রাপ্ত বিচারক মো.ইসমাইল হোসেন অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন।
এ প্রসঙ্গে দুদকের আইনজীবী অ্যাডভোকেট রেজাউল করিম রনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের হওয়া মামলায় আবদুর রহমান বদির বিরুদ্ধে আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। আসামিপক্ষ আটজন সাক্ষীর জেরা শেষ করেছেন। আগামী ১৫ অক্টোবর মামলার পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। এ সময় আদালতে আসামি আবদুর রহমান বদি উপস্থিত ছিলেন।
মামলার নথি অনুসারে, ২০০৭ সালে আবদুর রহমান বদির বিরুদ্ধে ৪৩ লাখ ৪৩ হাজার ৯৯৪ টাকার তথ্য গোপন এবং ৬৬ লাখ ৭০ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। পরের বছর তদন্ত শেষে তার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। পরে বদি উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে এলে মামলাটির কার্যক্রম স্থগিত থাকে। এই আদেশের বিরুদ্ধে আপিল করলে দীর্ঘদিন পর ২০১৭ সালে মামলাটি সচল হয়।