শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৩০ পিএম
গাজীপুরের শ্রীপুরে শীর্ষ সন্ত্রাসী মামুন আল মুজাহিদ ওরফে সুমন বাহিনীর পাঁচটি টর্চার সেল ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছে পুলিশ। এসময় তার তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (৩ সেপ্টেম্বর) শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার মধ্যরাতে পুলিশ বরমী ইউনিয়নের পাঠানটেক, বড়নল, কোষাদিয়া, বরকুল ও নান্দিয়াসাঙ্গুন গ্রামের সুমনের নিয়ন্ত্রণে থাকা পাঁচটি টর্চার সেলে অভিযান চালিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেয়। মামুন আল মুজাহিদ ওরফে সুমন পাঠানটেক ওই গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
স্থানীয়রা জানান, সুমন বাহিনীর টর্চার সেলে রাতভর চলত মাদকের আড্ডা। নিরপরাধ মানুষকে ধরে এনে মারধর করে টাকা আদায় করা হতো।
শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, রবিবার সন্ত্রাসী সুমন ও রাজিবকে পুলিশ রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে সুমন স্বীকার করে বরমী ইউনিয়নের পাঠানটেক, বড়নল, কোষাদিয়া, বরকুল ও নান্দিয়াসাঙ্গুন এলাকায় তার পাঁচটি আস্তানা রয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওইসব আস্তানায় তল্লাশি করে একটি ইয়ারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ইয়ারগানকে রাইফেল হিসেবে ব্যবহার করে মানুষদের ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করত। এসময় আস্তানাগুলো থেকে সুমন বাহিনীর তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন বরমী ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে আশরাফুল ইসলাম (১৮), পোসাদিয়া গ্রামের তমিজ উদ্দিনের ছেলে আব্দুল শাহীদ (৩৫) এবং বড়নল গ্রামের মৃত হাসেমের ছেলে কফিলউদ্দিন (৬৫)। তাদের দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়।
প্রসঙ্গত, ২৮ আগস্ট সন্ধ্যায় কাওরাইদ ইউনিয়নের নান্দিয়াসাংগুন এলাকার ত্রিমোহনী ব্রিজ থেকে শীর্ষ সন্ত্রাসী মুজাহিদ ওরফে সুমনকে (৩৫) আটক করে পুলিশ। আটকের পর তাকে থানায় নিয়ে আসার পথে কয়েক দফা হামলা চালায় তার সহযোগী সন্ত্রাসীরা। এদিন রাত সাড়ে আটটার দিকে শ্রীপুর পৌরসভার শ্রীপুর-মাওনা সড়কের টেংরা মোড়ে জেলা গোয়েন্দা (ডিবি) ও থানা পুলিশের ব্যবহৃত দুটি গাড়িতে হামলা করে ভাংচুর চালায় তার সহযোগিরা। একপর্যায়ে মোটরসাইকেল মহড়া দিয়ে পুলিশের কাছ থেকে শীর্ষ সন্ত্রাসী মুজাহিদ ওরফে সুমনকে ছিনিয়ে নেন তার সহযোগীরা। পরে তিনদিন পর রবিবার রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে দুই সহযোগীসহ সুমনকে গ্রেপ্তার করে পুলিশ।