কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০৪ পিএম
ঢাকাস্থ আমেরিকান দূতাবাসের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস। প্রবা ফটো
ঢাকাস্থ আমেরিকান দূতাবাসের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস কক্সবাজারে এসেছেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছেন। এ সময় তার সঙ্গে কে এম আতিকুল ইসলাম ও মোহাম্মদ হাবিবুর রহমান ভূঁইয়া নামে দুজন ছিলেন।
সূত্র জানায়, ৩ জনই বিমানবন্দর থেকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়াস্থ বিআইডব্লিউটিএ’র ঘাট থেকে স্পিডবোটে মহেশখালীতে যান। মহেশখালী পৌঁছার পর প্রতিনিধিদলটি কুতুবজোম ইউনিয়নে হোপ ফাউন্ডেশন ও এক্সিলারেট এনার্জি নির্মিত এক্সিলারেট হোপ হসপিটাল পরিদর্শন করেন।
বুধবার বেলা ১১টায় হোপ হসপিটালে প্রতিনিধিদলটি পৌঁছে বলে নিশ্চিত করেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুরুল হক। এ সময় হোপ ফাউন্ডেশনের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর তাকে অভ্যর্থনা জানান। পরে তিনি হোপ হসপিটালের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।
এ সময় তিনি এক্সিলারেটের এলএনজি টার্মিনাল ও হোপ যৌথ প্রযোজনায় কুতুবজোমে হাসপাতাল পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে যোগ দেন। এসময় হোপ ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এখান থেকে প্রতিনিধিদলটি বড় মহেশখালীতে যান। তবে ওই কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস যুক্তরাষ্ট্রভিত্তিক তরল প্রাকৃতিক গ্যাস কোম্পানি ‘এক্সিলারেট এনার্জি’র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর হিসেবে মহেশখালী পরিদর্শন করেন। বুধবার বিকালে তাদের ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।