× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নৌপথে কক্সবাজারে অস্ত্র পাচারের চেষ্টা, গ্রেপ্তার ৩

মহেশখালী (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৫৬ পিএম

অস্ত্রসহ পুলিশের হাতে আটক তিন নারী-পুরুষ। প্রবা ফটো

অস্ত্রসহ পুলিশের হাতে আটক তিন নারী-পুরুষ। প্রবা ফটো

মহেশখালীতে পুলিশের অভিযানে দুটি দেশীয় একনলা বন্দুকসহ তিনজনকে  গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন বয়োবৃদ্ধা নারীও রয়েছেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পৌরসভার গোরকঘাটা জেটি ঘাট এলাকায় এই অভিযান চালানো হয়। কক্সবাজার জেলা পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অস্ত্র পাচারের একটি গোপন সংবাদ পেয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হকের নেতৃত্বে বিশেষ পুলিশ দল অভিযানে নামে। সন্দেহজনক গতিবিধির কারণে তাদের তল্লাশি চালানো হলে অস্ত্র উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত তিনজনের মধ্যে একজন যুবক ও দুইজন প্রবীণ নারী রয়েছেন। তারা হলেনÑ কক্সবাজারের পাহাড়তলী এলাকার ৭ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ হোসেনের ছেলে সাইফুল ইসলাম (২৫), একই এলাকার ৩ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল হাকিমের স্ত্রী গোলবাহার বেগম (৬৫) এবং কক্সবাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মৃত সুলতান আহমেদের স্ত্রী দিলবার বেগম (৬০)। পুলিশের হাতে  গ্রেপ্তার হওয়ার পর তাদের থানায় নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা অস্ত্র পরিবহনের বিষয় স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

মহেশখালী থানার ওসি মঞ্জুরুল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে, এসব অস্ত্র হোয়ানক ইউনিয়ন থেকে সংগ্রহ করে কক্সবাজার শহরে নিয়ে যাওয়া হচ্ছিল। নৌপথকে নিরাপদ রুট হিসেবে ব্যবহার করে তারা অস্ত্র পাচারের পরিকল্পনা করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত হওয়ার পর পরই পুলিশ সাঁড়াশি অভিযান চালায় এবং তাদের কাছ থেকে দুটি দেশীয় একনলা বন্দুক উদ্ধার করতে সক্ষম হয়। অভিযানের সময় সন্দেহজনক আচরণে তাদের চিহ্নিত করতে সহায়তা করেছে বলে তিনি উল্লেখ করেন।

অভিযানের পর পুলিশ জানায়, অস্ত্র পাচারকারীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন রুট ব্যবহার করে অপরাধীচক্রের কাছে অস্ত্র পৌঁছে দিচ্ছে। এবারও তারা নৌপথকে বেছে নিয়েছিল। পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে সফল হয়।  গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মহেশখালী থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অভিযানের নেতৃত্বদানকারী কর্মকর্তা জানান, এই অভিযানে জড়িত চক্রের অন্যদের শনাক্ত করার চেষ্টা চলছে। পুলিশের মতে, স্থানীয়ভাবে সংগৃহীত অস্ত্রগুলো প্রভাবশালী অপরাধীদের কাছে পৌঁছানোর উদ্দেশ্যে আনা হয়েছিল।

এদিকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এ ধরনের অস্ত্র সাধারণত টেকনাফ ও উখিয়ার রোহিঙ্গা শিবিরে সক্রিয় সন্ত্রাসীদের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আনা হয়। সেখানে সশস্ত্রগোষ্ঠী দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে এবং অবৈধ অস্ত্রব্যবসা একটি বড় সমস্যায় রূপ নিয়েছে। স্থানীয়দের অভিযোগ, অস্ত্র পাচার রোধে একাধিকবার অভিযান পরিচালনা করা হলেও এর মূলোৎপাটন সম্ভব হচ্ছে না। তবে, পুলিশের সাম্প্রতিক এই সফল অভিযানে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছে এবং অপরাধ দমনে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা