রংপুর অফিস
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫ ২১:২৩ পিএম
প্রবা ফটো।
রংপুরে তিস্তা নদীতে মাছ ধরতে এসে মেহেদী হাসান মুহিত (২৬) নামের এক যুবক নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর ১টায় গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের বিনবিনার চর এলাকায় এ ঘটনা ঘটে।
মুহিত লালমনিরহাট জেলার কালিগঞ্জ তুষভান্ডার কাশিরাম এলাকার আশরাফ উল আমিন হেলাল মাস্টারের ছেলে। সে চীনের একটি প্রতিষ্ঠানে কম্পিউটার ডিপ্লোমা কোর্সের অধ্যয়রত শিক্ষার্থী ছিল। এ তথ্য নিশ্চিত করেছেন, কোলকোন্দ ইউনিয়ন পরিষদের সদস্য মনোয়ারুল ইসলাম।
তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকালে শখের বসে মুহিতসহ ৫ বন্ধু মিলে তিস্তা নদীতে মাছ ধরতে আসে। নদীর তীরে হাত দিয়ে তারা মাছ ধরতে থাকে। একটি বোয়াল মাছ পেলে তাদের মাছ ধরার উৎসাহ বেড়ে যায়। এরই একপর্যায়ে দুপুরে সাঁতার না জানায় নদীর গভীরে মুহিত ডুবে নিখোঁজ হয়। এ সময় মুহিতের অন্য বন্ধুরা ফায়ার সার্ভিসকে জানালে ডুবুরির দল এসে উদ্ধার কার্যক্রম চালায়। মঙ্গলবার সন্ধ্যা ৭টা পর্যন্ত মুহিতকে উদ্ধার করা সম্ভব হয়নি।
রংপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক বাদশা মাসউদ আলম বলেন, আমাদের ডুবরি দল তিস্তা নদী থেকে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে কাজ করছে।