বগুড়া অফিস
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫ ২৩:২৪ পিএম
প্রতীকী ছবি।
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় শাহীনূর বেগম (৪৭) নামে এক গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ সেপ্টেম্বর) উপজেলার সন্ধ্যায় ফুলবাড়ি ইউনিয়নের গোয়ালবাথান গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শাহীনূর বেগম ওই গ্রামের আমিরুল ইসলাম ভেলুর স্ত্রী ছিলেন। কয়েক বছর আগে ভেলু তাকে ডিভোর্স দেন। শাহীনূরের এক ছেলে ও এক মেয়ে আছে। ছেলে আল আমিন বিদেশে থাকেন এবং মেয়ে স্বামীর সঙ্গে ঢাকায় থাকেন। ফলে তিনি একাই ওই বাড়িতে থাকতেন।
স্থানীয়রা জানান, সোমবার সারাদিন তার খোঁজ না পেয়ে সন্ধ্যায় আত্মীয়রা বাড়িতে যান। দরজার ছিটকিনি খুলে ভেতরে প্রবেশ করলে শাহীনূরের হাত-পা বাঁধা মরদেহ মাটিতে পড়ে থাকতে দেখা যায়। এ সময় ঘরের সব আসবাবপত্র তছনছ অবস্থায় পাওয়া যায়। বাক্সের তালা ভেঙে জিনিসপত্র নামানো হয়েছিল।
নিহতের বড় বোন শিউলি বেগম বলেন, রবিবার আমি ওর খোঁজ নিয়েছিলাম। সোমবার সন্ধ্যায় এসে দেখি ওকে মেরে ফেলা হয়েছে। ধারণা করছি নেশার টাকা জোগাড় করতে কিছু নেশাখোর ছেলেরা এ ঘটনা ঘটিয়েছে। আমি এর বিচার চাই।
সারিয়াকান্দি থানার এসআই আব্দুল খালেক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।