নাটোর প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫ ১৮:২৫ পিএম
নিহত ডা. আমিনুল ইসলাম।
নাটোরে বেসরকারি জনসেবা হাসপাতালের মালিক ডা. আমিনুল ইসলামের (৬৫) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে নাটোর শহরের মাদরাসা মোড় এলাকায় অবস্থিত বেসরকারি হাসপাতালটির একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, ভোর থেকে সকাল ৯টার মধ্যে ঘটনাটি ঘটে থাকতে পারে।
নিহত আমিনুল ইসলাম জেলার সিংড়া উপজেলার বাঁশবাড়িয়া এলাকার হাসান মাস্টারের ছেলে। তিনি নাটোর জেলা মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও ড্যাবের আহবায়ক এবং বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি।
জানা গেছে, সোমবার সকালে রোগীর অপারেশন করার পর হাসপাতালেই নিজের নির্ধারিত কক্ষে অবস্থান করছিলেন তিনি। দুপুর ২টার পর রোগীর অপারেশন ছিল। কিন্তু ডা. আমিনুল ইসলাম আসতে দেরি করায় স্টাফরা তাকে তার কক্ষে ডাকতে যায়। কিন্তু ভেতর থেকে কোনও সাড়া পাওয়া যাচ্ছিল না। পরে কক্ষের দরজা ভেঙ্গে ভেতরে গেলে মেঝেতে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়।
বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ও অনার্স মালিক এসোসিয়েশনের আব্দুল আওয়াল রাজা জানান, এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দ্রুত সময়ের মধ্যে দোষীদের খুঁজে বের করে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, ঢাকা থেকে ফরেনসিক টিম ঘটনাস্থলে এসে তদন্ত করবে। এই ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ, ডিবি, সিআইডি, র্যাবের টিম কাজ করছে। প্রযুক্তিগত তথ্য, উপাত্ত, ফুটেজ সংগ্রহ করা হয়েছে।