ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০১ পিএম
প্রতীকী ছবি।
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে বাশাদ (২৪) নামের এক রং মিস্ত্রির মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার রামদী ইউনিয়নের পূর্ব তারাকান্দি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত বাশাদ উপজেলার রামদী ইউনিয়নের পূর্ব তারাকান্দি এলাকার রং মিস্ত্রি আমড়ু মিয়ার ছেলে।
জানা যায়, সোমবার সকাল ১১টার দিকে বাড়ির সামনে কলাবাগানে কাজ করার সময় ওই বাগানের উপর দিয়ে স্থানীয় মসজিদে যাওয়া বিদ্যুতের একটি সার্ভিস তারের জিআই তারে লেগে বিদ্যুৎপৃষ্ট হয় বাশাদ। পরে তাকে বাঁচাতে গিয়ে তার মা হেলেনা আক্তারও বিদ্যুৎপৃষ্ট হয়। স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয় এবং তাদের উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক বাশাদকে মৃত ঘোষণা করেন ও তার মা হেলেনা আক্তারকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন।
এ ঘটনায় কুলিয়ারচর থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, কোনো অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় কুলিয়ারচর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।