কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৩৮ পিএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫৩ পিএম
প্রবা ফটো
নীলফামারীর কিশোরগঞ্জে চারালকাটা নদীর অবৈধভাবে বালু বিক্রি করার দায়ে আব্দুল মজিদ নামে এক যুবলীগ নেতাকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তিনি দক্ষিণ দুরাকুটি ময়দান পাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে ও বাহিগিলী ইউনিয়ন যুবলীগের সভাপতি।
গতকাল, রবিবার (৩১ আগস্ট) সন্ধ্যার দিকে বাহাগিলী ইউনিয়নের কালুরঘাট এলাকায় অভিযান পরিচালনা করে এ রায় দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা।
জানা যায়, আব্দুল মজিদ দীর্ঘদিন ধরে চারালকাটা নদীর বালু অবৈধভাবে বিক্রি করে আসছিলেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বালুর গাড়িসহ আটক করেন। এঘটনায় অবৈধভাবে নদীর বালু বিক্রির দায়ে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে অভিযুক্ত আব্দুল মজিদ বলেন, আমি নদী থেকে না, আমার জমি থেকে বালু বিক্রি করছিলাম। এ সময়ে আমার গাড়ীটা আটকিয়ে জরিমানা করেন।
কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা বলেন, অবৈধভাবে নদীর বালু বিক্রির দায়ে বালুর গাড়িসহ আটক করে দুই লাখ টাকা জরিমানা করা হয়। আগামীতে বালুখেকোদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।