নান্দাইল (ময়মনসিংহ) প্রতিবেদক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫ ১৯:০৩ পিএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৫ ১৯:১৭ পিএম
ময়মনসিংহের নান্দাইলে প্রাইভেট পড়তে যাওয়া ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে রাস্তা থেকে মুখ চেপে ধরে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে স্থানীয় লোকজন ছাত্রীকে উদ্ধার করেন।
তারা নিপীড়নকারীকে আটকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে চড়থাপ্পড় মারেন। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। রবিবার (৩১ আগস্ট) সকালে উপজেলার নান্দাইল রোড বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই ছাত্রীর বাড়ি উপজেলার গাংগাইল ইউনিয়নের একটি গ্রামে। একই ইউনিয়নের একটি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। ছাত্রীটি প্রতিদিন সকালে নান্দাইল রোড বাজারের একটি বাসায় এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে আসেন। তার শিক্ষাপ্রতিষ্ঠানটি ওই বাজারের কাছেই।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পুলিশের একটি পিকআপকে কেন্দ্র করে উৎসুক জনতার ভিড়। পিকআপের পেছনে অভিযুক্ত ব্যক্তিকে হাতকড়া পরিয়ে বসিয়ে রাখা হয়েছে। ওই ব্যক্তির নাম কবীর হোসেন। তিনি পাশের বারুইগ্রামের আব্বাস উদ্দিনের ছেলে। তিনি বিবাহিত ও তিন সন্তানের বাবা।
স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল সকালে ছাত্রীটি শিক্ষকের বাসা থেকে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার ইজিবাইকের অপেক্ষা করছিলেন। তখন সড়কে লোক চলাচল ছিল খুবই কম। এ সময় অভিযুক্ত কবীর মেয়েটির মুখ চেপে ধরে পাঁজাকোলা করে পরিত্যক্ত ভবনের দোতলায় নিয়ে যায়। সেখানে মেয়েটির পরনের কাপড়-চোপড় খুলে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় অনয় মাইক সার্ভিসের কর্মচারী আমিন শেখ বিষয়টি দেখে বাজারের আরেক ব্যবসায়ী ইব্রাহিম মিয়াকে জানান। পরে দুজনে ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে উদ্ধার করেন। পরে তারা অভিযুক্ত কবীরকে আটক করেন। পুলিশ এসে অভিযুক্তকে থানায় নিয়ে যায়।
নান্দাইল মডেল থানার ওসি খন্দকার জালাল উদ্দিন মাহমুদ বলেন, এ ঘটনায় ছাত্রীর পরিবার থানায় অভিযোগ দিয়েছে। আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।