চুয়াডাঙ্গা প্রতিবেদক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫ ১৬:৫১ পিএম
প্রবা ফটো।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে ঈদগাহ মোড় ও বড় বাজার এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়েছে। রবিবার (৩১ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার তদারকি করা হয়।
অভিযান চলাকালে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করার অভিযোগে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৪৫ ধারা অনুযায়ী দামুড়হুদার তিনটি ডিম বিক্রেতা প্রতিষ্ঠানকে মোট ১৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। ঈদগাহ মোড় এলাকায় আব্দুর রহমানের মালিকানাধীন মেসার্স আব্দুর রহমান ডিম ঘরকে ৭ হাজার টাকা, বড় বাজারে মো: আসলাম উদ্দিনের মেসার্স তৌহিদ ডিম ঘর ও মো: আতিয়ার রহমানের মেসার্স পাপলু ডিম ঘরকে যথাক্রমে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এ সময় অভিযানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নির্দেশনা প্রদান করা হয় যাতে তারা দ্রুত মূল্য তালিকা হালনাগাদ ও প্রদর্শন, ভাউচার সংরক্ষণ, যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয় এবং মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রয় থেকে বিরত থাকে।
অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সার্বিক সহযোগিতা করেন দায়িত্বপ্রাপ্ত কৃষি বিপণন কর্মকর্তা মো: সহিদুল ইসলাম, ক্যাব প্রতিনিধি মো: রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি দল।
ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।