সিলেট অফিস
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫ ২১:৫৮ পিএম
সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্তে ভারতের অভ্যন্তরে আব্দুর রহমান (২৫) নামে এক বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।
গত শুক্রবার বিকালে এ ঘটনা ঘটলেও শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত লাশ ভারতের অভ্যন্তরে পড়ে রয়েছে।
নিহত আব্দুর রহমান কানাইঘাট উপজেলার আটগ্রাম বড়চাতল (বাকুর) গ্রামের খলিল মিয়ার ছেলে।
আহতরা হলেন, উপজেলার বাঙালি পাড়ার কামাল আহমদের ছেলে সালমান আহমদ (২৭), পূর্ব বড়চাতল গ্রামের বটল মিয়ার ছেলে জামিল আহমদ (২৮), পূর্ব বড়চাতল গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে কবির আহমদ (২৫), দনা রাতাছড়া গ্রামের ছলু মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২৮) এবং একই গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে মাজহারুল ইসলাম (৩৫)। এদের মধ্যে মাহজারুল ইসলাম ছাড়া বাকি সবাই চোরাচালান মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
স্থানীয়রা জানায়, শুক্রবার কোনো একসময় আব্দুর রহমানসহ ৬ জন ভারতের অভ্যন্তরে সীমান্তে প্রবেশ করেন। তারা চোরাইপথে মহিষ আনতে গিয়েছিলেন বলে স্থানীয়ভাবে জানা গেছে। বিকাল ৫টার দিকে বিএসএফ গুলি করলে ঘটনাস্থলে প্রাণ হারান আব্দুর রহমান। বাকিরা আহত হলেও সীমান্ত পাড়ি দিয়ে চলে আসেন।
গুলিবিদ্ধ হয়ে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল। শনিবার সন্ধ্যায় তিনি বলেন, ‘স্থানীয় সূত্রে যতটুকু জেনেছি শুক্রবার বিকাল ৫টার দিকে গুলির ঘটনা ঘটে।’
লাশ উদ্ধারে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না- এমন প্রশ্নে তিনি বলেন, ‘বিজিবি লাশ ফেরত আনার আনুষ্ঠানিকতা শুরু করেছে। আমাদের পুলিশের একটি দল সেখানে গেছে। দুর্গম এলাকা হওয়ায় একটু সময় লাগছে।’