লক্ষ্মীপুর সংবাদদাতা
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২২ ১৫:৪৭ পিএম
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২ ১৪:৫৪ পিএম
ভুক্তভোগী লিটনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ছবি : প্রবা
লক্ষ্মীপুর সদরে দুই ভাইয়ের বিরুদ্ধে এক প্রবাসীকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ভুক্তভোগীর দাবি, যারা তাকে পিটিয়েছেন তারা চিহ্নিত মাদককারবারি। তবে পুলিশ বলছে, এ বিষয়ে তাদের কাছে কোনো অভিযোগ নেই।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার দালালবাজার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মহাদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী লিটন মহাদেবপুর গ্রামের ফজল করিমের ছেলে ও ওমানপ্রবাসী। অভিযুক্ত সোহেল ও মানিক একই এলাকার আহছান উল্যার ছেলে। উভয় পক্ষ প্রতিবেশী।
লিটনের দাবি, মানিক ও সোহেল দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছেন। লিটন তাদের প্রায়ই মাদকের কারবার থেকে সরে আসতে বলতেন। মঙ্গলবারও তাদের তিনি একই কথা বলেন। এতে ক্ষিপ্ত হয়ে মানিক ও সোহেল তার ওপর হামলা করেন। একপর্যায়ে জিআই পাইপ দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করেন। এতে তার মাথা ফেটে যায়। স্থানীয়রা তাকে সদর হাসপাতালে ভর্তি করেন।
অভিযোগের বিষয়ে জানতে মানিক ও সোহেলের মোবাইল নম্বরে একাধিকবার কল করেও তাদের বক্তব্য জানা যায়নি।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, ‘ঘটনাটি কেউ আমাদের জানায়নি। তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। যাদের বিরুদ্ধে অভিযোগ নেই তাদের তো মাদককারবারি বলা যায় না। তবে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’