× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ, কর্মকর্তাদের অফিসে ঢুকতে বাধা

জয়পুরহাট প্রতিবেদক

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫ ১৫:৪১ পিএম

বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিক-কর্মচারীরা। প্রবা ফটো

বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিক-কর্মচারীরা। প্রবা ফটো

জয়পুরহাট চিনিকলের বকেয়া বেতন, ইক্ষু উন্নয়ন সহকারীদের (সিডিএ) ইনক্রিমেন্ট ও মহার্ঘ ভাতার দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিক-কর্মচারীরা। এসব নিরসনে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন তারা। একই সাথে প্রশাসনিক কর্মকর্তাদের অফিসে ঢুকতে বাধা দেওয়া হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) সকাল ৯টায় চিনিকলের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করা হয়। পরে একটি মিছিল প্রশাসনিক চত্বর হয়ে মিল এলাকা প্রদক্ষিণ করে মিলের মূল গেটের সামনে গিয়ে শেষ হয় এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন শ্রমিক-কর্মচারীরা।

বিক্ষোভকারী শ্রমিক-কর্মচারীরা জানান, চিনিকলের স্থায়ী শ্রমিক-কর্মচারীদের চলতি বছরের জুলাই মাসের বেতন দেওয়া হয়নি। এই আগস্ট মাসের বেতনও দেওয়া হবে কি না নিশ্চয়তা নেই। দেশের আটটি চিনিকলে সিডিএ ইনক্রিমেন্ট দেওয়া হলেও জয়পুরহাট চিনিকলের শ্রমিক-কর্মচারীদের ইনক্রিমেন্ট দেওয়া হয়নি। এছাড়া শ্রমিকদের মহার্ঘ ভাতা দেওয়ার তালিকায় রাখা হয়নি। এসব দাবিতে শ্রমিক-কর্মচারীরা সকালে বিক্ষোভ করেন। কর্মকর্তারা যেন অফিস করতে না পারে সেজন্য অফিসের তালা খুলতে দেওয়া হয়নি। প্রশাসনিক কর্মকর্তারা অতিথি ভবন থেকে বের হতে পারেননি।

বিক্ষোভে জয়পুরহাট চিনিকলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আলী আকতারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক জায়েদ হোসেন, জয়পুরহাট চিনিকলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের প্রচার সম্পাদক আনিছুর রহমান, জয়পুরহাট চিনিকলের সিডিএ খায়রুল ইসলাম, কারখানা বিভাগের মেকানিক মোজাম্মেল হক প্রমুখ।

এ সময় জয়পুরহাট চিনিকলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আলী আকতার বলেন, বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে সকল মিলের সিডিএ ইনক্রিমেন্ট জুলাইয়ে বন্ধ করা হয়েছে। পরবর্তী  সময়ে আটটি মিলের সিডিএ ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে, কিন্তু আমাদের দেওয়া হয়নি। সিডিএ ইনক্রিমেন্ট না দিলে কর্মচারীরা কাজে যাবে না। পাশাপাশি মজুরি কমিশনের মহার্ঘ ভাতায় শ্রমিকদের রাখা হয়নি। আমরা শ্রমিকদের মহার্ঘ ভাতা দেওয়ার দাবি জানাই।

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক জায়েদ হোসেন বলেন, আমাদের যে দাবি তুলে ধরা হয়েছে, তা ৪৮ ঘণ্টার মধ্যে নিরসন করতে হবে। এই সময়ের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে আমরা বৃহৎ আন্দোলন ঘোষণা করব।

এ বিষয়ে জানতে চাইলে জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা বলেন, শ্রমিক-কর্মচারীদের দাবি নিয়ে যে বিক্ষোভ হয়েছে তা পূর্ব থেকে আমাকে জানানো হয়নি। তারা লিখিত বা মৌখিকভাবে আমাকে অবহিত করেনি। অফিসের কোনো কর্মকর্তা ঢুকতে পারেনি। কারণ, পিয়নের কাছ থেকে চাবিগুলো তারা নিয়েছে। বিষয়টি এসপি ও ডিসিকে জানিয়েছি। সমন্বয় করে মিলের উন্নয়নে কাজ করা যেতে পারে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা