বগুড়া অফিস
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫ ১৫:২৩ পিএম
নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে বগুড়ায় মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা। প্রবা ফটো
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে বগুড়ায় মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা।
শুক্রবার (২৯ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের মাটিডালি অংশে এ বিক্ষোভ হয়।এ সময় মহাসড়কের ঢাকাগামী লেনে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভে ছাত্র অধিকার পরিষদের প্রায় ৩০ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা অভিযোগ করেন, জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে প্রশাসনের একটি অংশ সক্রিয় হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় ঢাকায় নুরুল হক নুরের নেতৃত্বে শান্তিপূর্ণ মশাল মিছিলে হামলা চালানো হয়। তারা দ্রুত আওয়ামী লীগসহ ১৪ দলের সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান।
এর আগে রাত ৯টার দিকে রাজধানীতে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন সংগঠনের সভাপতি নুরুল হক নুর। পরে সহকর্মীরা তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যান।