ফেনী প্রতিবেদক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫ ২০:২৬ পিএম
আপডেট : ২৯ আগস্ট ২০২৫ ২০:৩৮ পিএম
ভারত সীমান্তবর্তী বাংলাদেশের ফেনী জেলার পরশুরামের দক্ষিণ কেতরাঙ্গা এলাকায় বাঘ দেখা যাওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় প্রায় দেড় ঘণ্টা ধরে সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করে একটি বাঘ, যা কাঁটাতারের বেড়া ডিঙিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
স্থানীয়দের ধারণা, খাবারের সন্ধানেই বাঘটি লোকালয়ে চলে আসে। যদিও গতকাল শুক্রবার দুপুর পর্যন্ত আর বাঘের দেখা মেলেনি, তবে আতঙ্কে রয়েছে এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দা মতিউর রহমান বলেন, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত কাঁটাতারের বেড়া ডিঙিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে সীমান্ত এলাকায় দীর্ঘ দেড় ঘণ্টারও বেশি সময় ধরে ঘোরাঘুরি করে বাঘটি। দেখে মনে হচ্ছে সে খাবারের সন্ধান করেছিল। প্রায় দেড় ঘণ্টা ঘোরাঘুরির পর সে আবার জঙ্গলের দিকে চলে যায়। ধারণা করা হচ্ছে, কাঁটাতারের এপাশে আরও বাঘ থাকতে পারে।
কৃষক জহির আহাম্মদ জানান, ওই এলাকার একাধিক জমিতে ধানের চারা লাগানোর জন্য প্রস্তুত রয়েছে। বাঘ কাঁটাতারের এপাশে চলে আসায় এখন কাজে যেতে ভয় লাগছে।
বিজিবি জানায়, দক্ষিণ কেতরাঙ্গা বিওপির সীমান্ত পিলার-২১৭৩/এস জিরো পয়েন্টে তারকাঁটার বেড়ার বাইরে বাংলাদেশ অভ্যন্তরে একটি বাঘ লোকালয়ে ঘুরতে দেখা যায়। তবে বাঘটি কোনো ক্ষয়ক্ষতি না করে সন্ধ্যার দিকে আবার জঙ্গলের দিকে ঢুকে যায়। স্থানীয়দের সতর্কভাবে ওই সীমান্ত এলাকায় যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
পরশুরাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম জানান, বিষয়টির খোঁজখবর চলছে।
এ বিষয়ে ফেনী বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা বাবুল চন্দ্র ভৌমিক বলেন, যেহেতু সীমান্ত এলাকায় বাঘ দেখা গেছে স্থানীয় লোকজনকে সতর্কভাবে চলাফেরা করতে হবে।