× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাপে কাটার পাঁচদিন পর কৃষকের মৃত্যু

রাজবাড়ী প্রতিবেদক

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫ ১৮:২৫ পিএম

সাপে কাটার পাঁচদিন পর কৃষকের মৃত্যু

রাজবাড়ীতে সাপের কামড়ের পাঁচদিন পর চিকিৎসাধীন অবস্থায় মুক্তার খান পিন্টু (৩৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মুক্তার সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের পদ্মার তীরবর্তী মহাদেবপুর এলাকার মৃত ছাত্তার খানের ছেলে। তার চার বছরের এক ছেলে ও দুই বছরের এক মেয়ে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার সকাল আটটার দিকে মুক্তার খান বাড়ির পাশে গরুর খাদ্যের জন্য ঘাস কাটতে যান। এসময় তাকে সাপে কামড় দেয়। পরে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সাপটির নাম জানতে চান। রোগী নিশ্চিতভাবে বলতে না পারলেও ধারণা দেন, এটি রাসেল ভাইপার হতে পারে। তার পায়ে কামড়ের চিহ্ন পাওয়া যায়। সাপটি সঠিকভাবে শনাক্ত করা না যাওয়ায় চিকিৎসক পরিবারের অনুমতি নিয়ে অ্যান্টি স্নেক ভেনম দিতে চান। তবে পরিবারের লোকজন উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেন।

মৃতের মামা মুনসুর আলী জানান, ‘সাপে কামড় দেওয়ার পর প্রথমে তাকে সদর হাসপাতালে নেওয়া হয়। পরে এক কবিরাজের কাছেও নেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি ঘটলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত দুইটার দিকে মারা যায়।’

স্থানীয় বাসিন্দা রফিক বলেন, ‘গত কয়েকদিন ধরে মহাদেবপুর পদ্মার পাড় এলাকায় সাপের উপদ্রব বেড়েছে। বর্ষার সময় নানা ধরনের বিষধর সাপ দেখা দেয়। মুক্তারকে সাপে কামড় দেওয়ার ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকে ভয়ে মাঠে কাজ করতে সাহস পাচ্ছেন না।’

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, ‘হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টি স্নেক ভেনম রয়েছে। তবে অনেক সময় সাপ চিহ্নিত করা না গেলে অকারণে অ্যান্টি স্নেক ভেনম প্রয়োগে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এজন্যই পরিবারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হয়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা